ঢাকা, রবিবার   ২২ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ৮ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির সংলাপ সোমবার, থাকবেন চার নেতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ২২ নভেম্বর ২০২৬ রবিবার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যে জাতীয় ঐক্যের আহ্বান জনিয়েছেন, সেটিকে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই লক্ষ্যে সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে আগামীকাল সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত হতে যাওয়া এই সাক্ষাতে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে।

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হতে যাচ্ছে। এরপর জামায়াতে ইসলামীর অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে।

এদিকে যুক্তরাজ্য সফরে থাকা এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম আজ রোববার বিকেলে দেশে ফিরবেন। ফেরার পর প্রতিনিধিদলের অন্য সদস্যদের নাম তাঁর সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে বলে এনসিপি সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের অন্যতম সদস্য ও দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার গতকাল শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেছেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে।

প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে এনসিপি ইতিবাচক হিসেবে নিয়েছে বলে এক বার্তায় উল্লেখ করা হয়েছে। বার্তায় আরও বলা হয়, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে বলে মনে করে এনসিপি।

সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ইতিমধ্যে ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয় সংলাপ আয়োজনের কার্যক্রম শুরু করেছে।

জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। ২৬ নভেম্বর তিনি দেশে ফেরার পর ২৭ বা ২৮ নভেম্বর জামায়াত নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকে বসবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র বলছে, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে প্রধানমন্ত্রী জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথমে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন। পরে সর্বদলীয় বৈঠক হতে পারে।

এএইচ