যেকোনো ব্র্যান্ডের পুরোনো এসি বদলে ওয়ালটনের নতুন এসি কিনলে ৩০ শতাংশ ছাড়
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:২২ পিএম, ২২ নভেম্বর ২০২৬ রবিবার | আপডেট: ০৫:২৬ পিএম, ২২ নভেম্বর ২০২৬ রবিবার
পরিবেশ সুরক্ষা ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার বাড়াতে দেশজুড়ে ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’ চালু করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটন। এ অফারের আওতায় যেকোনো ব্র্যান্ডের পুরোনো এসি বদলে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি কিনলে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাচ্ছেন গ্রাহকেরা।
এ সুবিধার আওতায় ওয়ালটনের রেসিডেনশিয়াল ও কমার্শিয়াল ক্যাটাগরির ইনভার্টার স্প্লিট, ক্যাসেট ও সিলিং টাইপ এসি কেনা যাবে।
সম্প্রতি রাজধানীতে ওয়ালটনের করপোরেট অফিসে আয়োজিত ‘এসি এক্সচেঞ্জ কার্নিভাল’ শীর্ষক অনুষ্ঠানে এ অফার সম্পর্কে বিস্তারিত জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাজ্জাদ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আঞ্জুম, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক ফিরোজ আলমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে জানানো হয়, দেশব্যাপী ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুমে যেকোনো ব্র্যান্ডের পুরোনো স্প্লিট, ক্যাসেট বা সিলিং টাইপ এসি জমা দিয়ে গ্রাহকেরা নতুন ইনভার্টার এসি কিনতে পারবেন। এ ক্ষেত্রে পৌনে এক টন থেকে আড়াই টন ক্ষমতার বিভিন্ন মডেলের ইনভার্টার স্প্লিট এসি এবং দেড় থেকে পাঁচ টন ক্ষমতার ইনভার্টার ক্যাসেট ও সিলিং টাইপ এসি কেনার সুযোগ রয়েছে। পুরোনো এসি জমা দিলে পছন্দের নতুন এসির মূল্যের ওপর সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাওয়া যাবে।
আগামী ৩ নভেম্বর ২০২৬ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ অফার চালু থাকবে।
অনুষ্ঠানে ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান বলেন, টেকসই পরিবেশ সুরক্ষার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ও ইউএনডিপির সমন্বয়ে পরিচালিত উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে ওয়ালটন এসিতে পরিবেশের জন্য ক্ষতিকর সিএফসি ও এইচসিএফসি গ্যাসের ব্যবহার বন্ধ করেছে।
তিনি বলেন, বাংলাদেশে ওয়ালটনই প্রথম আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরিবেশবান্ধব আর-২৯০ ও আর-৩২ রেফ্রিজারেন্ট ব্যবহার করে এসি উৎপাদন ও বাজারজাত করছে। পরিবেশবান্ধব শীতাতপ নিয়ন্ত্রণ প্রযুক্তির ব্যবহার ও উৎপাদনে বাংলাদেশ এখন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
তিনি আরও জানান, ওজোন স্তরের জন্য ক্ষতিকর সিএফসি ও এইচসিএফসি গ্যাস ব্যবহারকারী পুরোনো এসি পর্যায়ক্রমে বাজার থেকে সরিয়ে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়াতে ২০১৯ সাল থেকে এসি এক্সচেঞ্জ ক্যাম্পেইন পরিচালনা করছে ওয়ালটন। এ কর্মসূচির আওতায় গ্রাহকদের পুরোনো বা অচল এসি বদলে আর-৩২ ও আর-২৯০ রেফ্রিজারেন্ট ব্যবহারকারী বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি কেনার সুযোগ দেওয়া হচ্ছে।
তাঁর মতে, এ উদ্যোগের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো ও পরিবেশ সুরক্ষার পাশাপাশি গ্রাহকদের বিদ্যুৎ খরচ কমানো এবং দেশের বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করাও সম্ভব হচ্ছে।
বর্তমানে ওয়ালটন বিএসটিআইয়ের সর্বোচ্চ এনার্জি রেটিং সনদপ্রাপ্ত সুপার সেভারসহ বিভিন্ন মডেলের পৌনে এক টন থেকে আড়াই টন ক্ষমতার ইনভার্টার স্প্লিট স্মার্ট এসি উৎপাদন ও বাজারজাত করছে। পাশাপাশি মাঝারি ও বড় স্থাপনার শীতাতপ নিয়ন্ত্রণের জন্য ভিআরএফ ও চিলার সিস্টেমের পাশাপাশি দেড় থেকে পাঁচ টন ক্ষমতার ইনভার্টার ক্যাসেট ও সিলিং টাইপ এসিও উৎপাদন করছে প্রতিষ্ঠানটি।
ওয়ালটন জানিয়েছে, এসির গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের জন্য এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধা এবং কম্প্রেসরে সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত গ্যারান্টি দেওয়া হচ্ছে।
এমএইচ
