ঢাকা, সোমবার   ২৩ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ৮ ১৪৩৩

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৩ এএম, ২৩ নভেম্বর ২০২৬ সোমবার

গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে নারী ও শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
 
রোববার দিবাগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মনিরা আক্তার, তার ছয় বছর বয়সীসন্তান আরাফাত ও অন্যজন তরিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গেল রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর পশ্চিম থানাধীন পশ্চিম দাঁড়াইল এলাকার জাহানারা বেগমের মালিকানাধীন বসত বাড়িতে গ্যাস লিকেজের থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঘর থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে তিনজন দগ্ধ হন।

পরে দগ্ধ তিনজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহিন আলম জানান, আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এএইচ