ঢাবিতে ভর্তির আবেদনের সময় বাড়লো
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:২৬ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ সোমবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনের সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে। পূর্বনির্ধারিত ২৫ নভেম্বরের পরিবর্তে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশের তারিখ বিবেচনায় নিয়ে আবেদনের সময় বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগে ২৫ নভেম্বর আবেদনের সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও তা তিন দিন বাড়িয়ে ২৮ নভেম্বর করা হবে। শিক্ষার্থীদের পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশের তারিখ বিবেচনায় নিয়ে আবেদনের সময় বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত সূচি অনুযায়ী, গত ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে ভর্তি আবেদন কার্যক্রম শুরু হয়। এবার পাঁচটি ইউনিটের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হবে। ইউনিটগুলো হলো—আইবিএ, বিজ্ঞান, কলা- আইন ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং চারুকলা।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আইবিএ ইউনিট ছাড়া অন্য সব ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নেওয়া হবে।
এএইচ
