প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ সোমবার | আপডেট: ০৪:০০ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ সোমবার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনার কারণে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে চার সদস্য বিশিষ্ট এনসিপি প্রতিনিধিদল।
প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্য সদস্যরা হলেন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন ও সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এনসিপি নেতৃবৃন্দ।
এর আগে সোমবার দুপুর ১টার দিকে এনসিপি নেতারা সচিবালয়ে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পরই এ বৈঠক শুরু হয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরই ধারাবাহিকতায় আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী। প্রথম দল হিসেবে এনসিপির নেতারা তার সঙ্গে বৈঠকে বসেন।
জাতীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনায় বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এএইচ
