ঢাকা, সোমবার   ২৩ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ৯ ১৪৩৩

সাংবাদিকের নাম-ছবি ব্যবহার করে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা, গ্রেপ্তার ছগির আহমেদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০১ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ সোমবার | আপডেট: ০৫:১৪ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ সোমবার

একুশে টেলিভিশনের এক সাংবাদিকের নাম, ছবি ও পেশাগত পরিচয় ব্যবহার করে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ছগির আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানা পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর উত্তরখান থানাধীন ফায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ছগির আহমেদের বিরুদ্ধে সাংবাদিকের পরিচয় ব্যবহার করে রাজধানীর উত্তরাসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। সংঘবদ্ধ একটি চক্রের মাধ্যমে সাংবাদিকের নাম ও ছবি ব্যবহার করে ব্যবসায়ীদের কাছে অর্থ দাবি এবং প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও তদন্ত করা হচ্ছে।

ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, গত ১৮ নভেম্বর একুশে টেলিভিশনের ভুক্তভোগী সাংবাদিক থানায় লিখিত অভিযোগ করেন। 

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরবর্তী সময়ে ছগির আহমেদকে এক নম্বর আসামি করে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়।

ওসি আরও জানান, মামলার তদন্তের ধারাবাহিকতায় সোমবার সকালে উত্তরখানের ফায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত ছগির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত এবং প্রতারণার পুরো চক্রের কার্যক্রম উদ্‌ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এমএইচ