ঢাকা, মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ৯ ১৪৩৩

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫১ এএম, ২৪ নভেম্বর ২০২৬ মঙ্গলবার

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তার মুখপাত্র।

এই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন হাসিনা। এতে বাংলাদেশে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ মাসের শুরুতে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও অন্যান্য নথির জন্য অনুরোধ জানানোর পর থেকে সহিংসতাও বেড়েছে।

হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও তিনি সরকারের কাছে রাষ্ট্রীয় উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, সংবিধানের পরিপন্থীভাবে তাকে নির্বাসনে পাঠানো হয়েছে। এখন ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার দেশে ফেরা সম্ভব করা সরকারের দায়িত্ব।

এ বিষয়ে বাংলাদেশের সরকারের কোনও মুখপাত্র তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি।

এর আগে রোববার এক বাংলাদেশি এক মন্ত্রী রয়টার্সকে জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে ফিরিয়ে আনতে বিমান পাঠানো নিয়ে ভারতের সঙ্গে কোনো সরকারি আলোচনাও হয়নি বলে জানান ওই মন্ত্রী।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ওই আন্দোলনে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

গত বছরের নভেম্বরে ছাত্রনেতৃত্বাধীন অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থেকে হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

সূত্র: রয়টার্স

এএইচ