খালিয়াজুরীতে ইউএনও কার্যালয়ে আগুন, পুড়লো আসবাবপত্র
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত : ১০:১৩ এএম, ২৫ নভেম্বর ২০২৬ বুধবার
নেত্রকোনার খালিয়াজুরীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার ভোরে উপজেলা পরিষদের দ্বিতল ভবনে ইউএনওর কক্ষে এ আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে ইউএনওর কক্ষে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা প্রথমে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে পার্শ্ববর্তী মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
আগুনে ইউএনওর কক্ষের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিজুজ্জামান জানান, তাঁদের ব্যবহৃত কক্ষের চেয়ার-টেবিল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে নথিপত্রসহ অন্যান্য ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে বলে জানিয়েছেন ইউএনও।
এএইচ
