আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৪৯ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ বুধবার
আলেম সমাজই মানুষের হেদায়েতের আলো এবং সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর। তাদের পরামর্শ ও দোয়া নিয়ে সরকার দেশকে শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর ঐতিহ্যবাহী ধূপখোলা মাঠে জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ সালা দস্তরবন্দী মহাসম্মেলনে এসব কথা বলেন তিনি।
ধর্মমন্ত্রী বলেন, জনগণের আমানত রক্ষা, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সরকার কাজ করতে চায়। এ জন্য আলেম-ওলামাদের সহযোগিতা ও দোয়া প্রয়োজন।
তিনি বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ইসলামী শিক্ষাব্যবস্থার বিকাশ, কওমি মাদরাসা ও আলেম-ওলামাদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং ধর্মীয় মূল্যবোধ পুনর্জাগরণে দলটি কাজ করেছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য রাষ্ট্রীয়ভাবে মাসিক সম্মানির ব্যবস্থা চালু করা হয়েছে। সরকার দায়িত্ব গ্রহণের ৩০ দিনের মধ্যে গত ১৪ মার্চ প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করেন।
ধর্মমন্ত্রী বলেন, ২০২৬-২৭ অর্থবছরে প্রাথমিকভাবে দেশের ৮২ হাজার ৬৬৫টি মসজিদের ২ লাখ ৪৭ হাজার ৯৯৫ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে এ সম্মানির আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। এর আওতায় একজন ইমাম মাসে পাঁচ হাজার টাকা, মুয়াজ্জিন তিন হাজার টাকা এবং খাদেম দুই হাজার টাকা করে পাবেন। পাশাপাশি ঈদুল ফিতর ও ঈদুল আজহায় প্রত্যেককে এক হাজার টাকা করে সম্মানি দেয়া হবে।
ধর্মমন্ত্রী আরও বলেন, মসজিদ খাতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকারের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার টাকা। পর্যায়ক্রমে দেশের আরও বেশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসীসহ দেশের সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার। ২০২৩ সালে হজের বিমানভাড়া যেখানে ১ লাখ ৯৭ হাজার টাকা ছিল, বর্তমানে তা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে।
এমএইচ
