দেশের এক ইঞ্চি মাটিতেও কাউকে হস্তক্ষেপ করতে দেয়া হবে না: রিজভী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:২৪ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার
বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেয়া হবে না। ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ দেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে মন্ত্রী পর্যায়ের এক ব্যক্তি ১৬ ডিসেম্বর ঢাকা দখলের কথা বলেছেন। আমি তার এ বক্তব্যের জন্য ধিক্কার জানাই। এ দেশের মানুষ রক্ত দিয়ে নিজেদের স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমাদের অহংকার। আমাদের এক ইঞ্চি মাটিতে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কোনো আধিপত্যবাদী শক্তি এখানে নিতে পারবে না।
বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনে বড় সমাবেশের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধনের প্রস্তুতি হিসেবে এ যৌথ সভার আয়োজন করা হয়। বিএনপি আশা করছে, উদ্বোধনী অনুষ্ঠানে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
রুহুল কবির রিজভী বলেন, চলমান রাজনীতিতে একটি কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে। পার্শ্ববর্তী দেশে অবস্থানরত সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো রক্তের নেশা থেকে বেরিয়ে আসেননি। তার নির্দেশনায় দেশে ফ্যাসিবাদের অবশিষ্টাংশ বাড়িঘর, দোকানপাট, ব্যাংক-বীমায় অগ্নিসংযোগ, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনায় হামলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বিএনপির নেতাকর্মীদেরও হত্যা করা হচ্ছে।
তিনি বলেন, দেশে যে স্থিতিশীলতা চলছে এবং ১৭ বছর পর গুম-খুনের রাষ্ট্রীয় চরিত্র থেকে বেরিয়ে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটিকে কলঙ্কিত করতেই পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, অতীতে শেখ হাসিনার শাসনামলে এ ধরনের পরিস্থিতিতে গুম, খুন, ক্রসফায়ার, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটত। কিন্তু বর্তমান সরকার অত্যন্ত সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। সরকারের এ আচরণ দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে।
সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য এবং শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন।
এমএইচ
