ঢাকা, শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩৩

ঢাবি ভর্তির আবেদন শেষ আগামীকাল, আবেদন ২ লাখ ৩৯ হাজারের বেশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:২৯ পিএম, ২৭ নভেম্বর ২০২৬ শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শেষ হচ্ছে আগামীকাল শনিবার (২৮ নভেম্বর)। এ পর্যন্ত পাঁচটি ইউনিটে মোট ২ লাখ ৩৯ হাজার ১৫৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে। 

অন্যদিকে, আসনসংখ্যার তুলনায় সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে আইবিএ ইউনিটে। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৪ জনের বেশি শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত তথ্য অনুযায়ী, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৭ হাজার ২৪৫ জন। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫১ দশমিক ৪২ জন।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯৭ হাজার ৫ জন। এ ইউনিটে আসনপ্রতি আবেদনকারী ৩৩ দশমিক ০৬ জন।

ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৯ হাজার ৩৪৫ জন। এ ইউনিটে আসনপ্রতি আবেদনকারী ২৭ দশমিক ৯৪ জন।

আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১০ হাজার ১২৪ জন। ফলে এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৮৪ দশমিক ৩৬ জন।

চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫ হাজার ৪৩৯ জন। এ ইউনিটে আসনপ্রতি আবেদনকারী ৪১ দশমিক ৮৩ জন।

বিশ্ববিদ্যালয়ের সূচি অনুযায়ী, ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৫ ডিসেম্বর। শেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর। চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া বাকি তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা ছাড়াও বিভাগীয় পর্যায়ের নির্ধারিত কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে। চারুকলা ও আইবিএ ইউনিটের পরীক্ষা শুধু ঢাকা শহরে নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় পাঁচটি ইউনিট রয়েছে—বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং চারুকলা। এ ছাড়া ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) জন্য পৃথক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার তথ্য, বর্তমান ঠিকানা, ব্যক্তিগত মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা দিতে হবে। পাশাপাশি পছন্দের ইউনিট, পরীক্ষার কেন্দ্র এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা-সংক্রান্ত তথ্য উল্লেখ করতে হবে।

আবেদনকারীর ছবি নির্ধারিত মাপ ও ফরম্যাট অনুযায়ী আপলোড করতে হবে। ছবির পটভূমি সাদা হতে হবে। আবেদন সম্পন্ন করতে নির্ধারিত ফি জমা দিতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের সমতা নিরূপণের জন্য আলাদা আবেদনপ্রক্রিয়া অনুসরণ করতে হবে।

২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য জিসিই ও-লেভেল ও এ-লেভেলের ফলাফলের ভিত্তিতেও আবেদনের সুযোগ রয়েছে।

বিজ্ঞান ইউনিটে বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ফার্মেসি অনুষদ, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউটগুলোতে ভর্তির জন্য আবেদন করতে হবে। বিজ্ঞান ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা এ ইউনিটে আবেদন করতে পারবেন। 

এ ছাড়া আইজিসিএসই/ও-লেভেল এবং আইএএল/জিসিই এ-লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ রয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ জিপিএর যোগফল কমপক্ষে ৮.০ থাকতে হবে। পাশাপাশি প্রতিটি পরীক্ষায় আলাদাভাবে কমপক্ষে জিপিএ ৩.৫ থাকতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞপ্তিতে নির্ধারিত বিষয়ভিত্তিক গ্রেডের শর্ত পূরণ করতে হবে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউটগুলোতে ভর্তির জন্য আবেদন করতে হবে। সব শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ জিপিএর যোগফল কমপক্ষে ৭.৫ এবং প্রতিটি পরীক্ষায় আলাদাভাবে কমপক্ষে ৩.০ থাকতে হবে।

ব্যবসায় শিক্ষা ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদ ও সংশ্লিষ্ট ইনস্টিটিউটগুলোতে ভর্তির সুযোগ রয়েছে। ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের পাশাপাশি বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত পূরণ সাপেক্ষে অন্য শাখার শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ জিপিএর যোগফল কমপক্ষে ৭.৫ এবং প্রতিটি পরীক্ষায় আলাদাভাবে কমপক্ষে ৩.০ থাকতে হবে।

চারুকলা ইউনিটে চারুকলা অনুষদের বিভাগগুলোতে ভর্তির জন্য আবেদন করতে হবে। সব শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ জিপিএর যোগফল কমপক্ষে ৬.৫ এবং প্রতিটি পরীক্ষায় আলাদাভাবে কমপক্ষে ৩.০ থাকতে হবে।

আইবিএ ইউনিটে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে ভর্তির জন্য আবেদন করতে হবে। উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের পাশাপাশি আইজিসিএসই/ও-লেভেল এবং আইএএল/জিসিই এ-লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় নির্ধারিত জিপিএ এবং বিষয়ভিত্তিক গ্রেডের শর্ত পূরণ করতে হবে।

ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রে ও-লেভেলে নির্ধারিত পাঁচটি বিষয়ে এবং এ-লেভেলে নির্ধারিত দুটি বিষয়ে প্রয়োজনীয় গ্রেড থাকতে হবে। বিভিন্ন ইউনিটে আবেদনের জন্য জিপিএ ও বিষয়ভিত্তিক গ্রেডের শর্ত আলাদা। তাই আবেদনের আগে সংশ্লিষ্ট ইউনিটের বিস্তারিত নির্দেশনা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর ২০২৬, শনিবার। পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১২ ডিসেম্বর, শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৯ ডিসেম্বর, শনিবার একই সময়ে নেওয়া হবে।

চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। সবশেষে ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর, শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষায় এমসিকিউ ও লিখিত অংশ রয়েছে। তবে ইউনিটভেদে নম্বর ও সময়ের বণ্টনে পার্থক্য রয়েছে।

আইবিএ ইউনিটে এমসিকিউ অংশে ৭০ নম্বরের জন্য ৯০ মিনিট এবং লিখিত অংশে ৩০ নম্বরের জন্য ৩০ মিনিট সময় বরাদ্দ রয়েছে।

বিজ্ঞান ইউনিটে এমসিকিউ অংশে ৬০ নম্বরের জন্য ৪৫ মিনিট এবং লিখিত অংশে ৪০ নম্বরের জন্য ৪৫ মিনিট বরাদ্দ রয়েছে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটেও এমসিকিউ অংশে ৬০ নম্বরের জন্য ৪৫ মিনিট এবং লিখিত অংশে ৪০ নম্বরের জন্য ৪৫ মিনিট সময় দেওয়া হবে।

চারুকলা ইউনিটে সাধারণ জ্ঞান অংশে এমসিকিউ পদ্ধতিতে ৪০ নম্বরের পরীক্ষা হবে, যার সময় ৩০ মিনিট। অঙ্কন অংশে লিখিত পদ্ধতিতে ৬০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এ অংশের জন্য সময় বরাদ্দ ৩০ মিনিট।

ব্যবসায় শিক্ষা ইউনিটে এমসিকিউ অংশে ৬০ নম্বরের জন্য ৪৫ মিনিট এবং লিখিত অংশে ৪০ নম্বরের জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

এমএইচ