ঢাকা, শনিবার   ২৮ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩৩

এবার বসুন্ধরায় উদ্বোধন হলো কেএফসির ৫০তম আউটলেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার

বাংলাদেশে বিশ্বখ্যাত ফুড ব্র্যান্ড কেএফসির ৫০তম আউটলেট উদ্বোধন করা হয়েছে। ২০০৬ সালে বাংলাদেশে যাত্রা শুরু করা কেএফসির একমাত্র ফ্র্যাঞ্চাইজি ট্রান্সকম ফুডস লিমিটেডের পথচলায় এটি একটি নতুন মাইলফলক। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ‘আই’ ব্লকে নতুন এই আউটলেটটির যাত্রা শুরু হয়েছে।

আধুনিক নকশা ও দৃষ্টিনন্দন সাজসজ্জায় তৈরি নতুন এই রেস্তোরাঁটিতে অতিথিদের জন্য রয়েছে খোলামেলা ও আরামদায়ক পরিবেশ। কেএফসির সর্বশেষ আন্তর্জাতিক ডিজাইন অনুসরণ করে নির্মিত এটি দেশের অন্যতম বড় আউটলেট, যেখানে একসঙ্গে ১৩০ জন অতিথি বসে খাবার উপভোগ করতে পারবেন।

সম্পূর্ণ ডিজিটাল সুবিধাসম্পন্ন এই রেস্তোরাঁয় রয়েছে চারটি সেলফ-অর্ডারিং কিয়স্ক। এর ফলে অতিথিরা লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই আরও দ্রুত ও সহজে নিজেদের পছন্দের খাবার অর্ডার করতে পারবেন।

৫০তম আউটলেটটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ট্রান্সকম ফুডস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় নানা আয়োজনের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়।

নতুন এই মাইলফলক প্রসঙ্গে ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দেব থাপা বলেন, “বাংলাদেশে কেএফসির এই অগ্রযাত্রা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। গ্রাহকদের আস্থা ও ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ। তাদের প্রত্যাশা পূরণে ভবিষ্যতেও মানসম্মত খাবার ও সেবা দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।”

এমএইচ