ঢাকা, শনিবার   ২৮ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩৩

‘গ্রেপ্তার করলে রামগঞ্জ থানা জ্বালিয়ে দেব’ : ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:১৭ পিএম, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার | আপডেট: ০৭:৩৯ পিএম, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীকে মুঠোফোনে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আরফান খান মাহির বিরুদ্ধে। সম্প্রতি তাঁদের এই কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভাইরাল হয়েছে)।

ভাইরাল হওয়া ওই অডিওতে নিজেকে রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি পরিচয় দিয়ে আরফান খান মাহি পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। 

তাঁকে বলতে শোনা যায়, পুলিশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হয়রানি, মারধর, মোবাইল ফোন জব্দ এবং রাতে বাড়িতে গিয়ে হুমকি ও গালিগালাজ করছে। এসব ঘটনার প্রমাণ ফেসবুকে রয়েছে বলেও তিনি দাবি করেন।

ফোনালাপে মাহি কনস্টেবল মেহেরাজসহ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে নেতাকর্মীদের আটক করে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনেন। 

জবাবে ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, কোনো কনস্টেবল এককভাবে এমন কিছু করতে পারেন না। শুধু অভিযোগ করলেই হবে না, এর সত্যতাও থাকতে হবে। পুলিশ আইন অনুযায়ী তার নিয়মিত কার্যক্রম ও অভিযান পরিচালনা করবে।

কথোপকথনের একপর্যায়ে মাহি হুঁশিয়ারি দিয়ে বলেন, মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে কিংবা বিএনপির কথায় কাউকে আটক করা হলে রামগঞ্জ থানা জ্বালিয়ে দেওয়া হবে। 

এ সময় তিনি পুলিশ সদস্যদের পরিণতি ভালো হবে না বলেও হুমকি দেন। ফোনালাপে পুলিশের বডি-অন ক্যামেরা ব্যবহার, রাজনৈতিক কর্মকাণ্ড এবং থানার পুকুর থেকে মাছ ধরার মতো প্রসঙ্গও উঠে আসে।

এ বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, আমি বলেছি—অভিযোগ থাকলে তো হবে না ভাই, অভিযোগের সত্যতা থাকতে হবে। পুলিশকে পুলিশের নিয়মিত কার্যক্রম চালাতে হবে।”

ওসি আরও জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে তাঁর কথা হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের কথোপকথনের অডিওটি ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি অবগত নন বলে দাবি করেন।

এমএইচ