বাগেরহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংঘর্ষ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২১ পিএম, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার
বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।
শনিবার (২৮ নভেম্বর) জেলার মোল্লাহাট উপজেলা মধুমতি ১০০ মেগাওয়াট এইচএফও চালিত বিদ্যুৎকেন্দ্র এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার পর গোপালগঞ্জ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে মোল্লাহাটের দিকে এগোতে থাকে।
এ সময় তাদের হাতে দেশীয় লাঠিসোঁটা ছিল। পরে একপর্যায়ে নদীর এপারে অবস্থান নেয়া স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর আগে গতকাল শুক্রবার রাতে মাদারীপুরের কালকিনিতে মুখোমুখি অবস্থান নেয় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। একপর্যায়ে শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মাছবাজার গোলচত্বর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
একপর্যায়ে যুবদল নেতা শামীম বেপারী ও হাসান মাতুব্বরের নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় একের পর এক হাতবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে তৌফিকুজ্জামান শাহীন, লোকমান সরদার, এমদাদুল সরদার, সোহেল রানা মিঠু, বাকামিন, শাহিন, সাহাবুদ্দিন ফকির ও শাহজালালসহ বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত থেকে হামলা চালান বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সংঘবদ্ধ হওয়ার সুযোগ পাচ্ছেন। এতে এলাকায় নতুন করে উত্তেজনা ও সহিংসতার আশঙ্কা তৈরি হচ্ছে।
এ দিকে এ ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। রাতের বেলায় এমন বিস্ফোরণ ও সংঘর্ষে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিরোধের জেরে জনজীবন যেন বিপর্যস্ত না হয়, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।
এমএইচ
