মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশে নামানোর লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়নের উদ্যোগ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, সরকারের লক্ষ্য হলো মূল্যস্ফীতি আরও ২ থেকে ৩ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামিয়ে আনা।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজা হোটেলে ‘স্টেট অব দ্য ইকোনমি: হোয়াট বিএনপি ইনহেরিটেড, হোয়াট ইট হ্যাজ অ্যাকমপ্লিশড অ্যান্ড হোয়াট ইজ টু কাম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে অর্থনীতিবিদ, আইনজীবী, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের অংশীজনেরা উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে রয়েছে মূল্যস্ফীতি, যা অভ্যন্তরীণ ও আমদানিজনিত—এই দুই ধরনের। আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সার ও পরিবহন ব্যয় বেড়েছে, ফলে আমদানিজনিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা সীমিত। তবে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি কমাতে খাদ্যপণ্য ও খাদ্য উৎপাদনকারী শিল্পের কাঁচামালের ওপর শুল্ক-কর কমানো হয়েছে।
পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, আগের শাসনামলে সার্বিক মূল্যস্ফীতি প্রায় ৯ দশমিক ৭০ শতাংশে উঠেছিল। গত মে মাসে তা ৯ দশমিক ৪২ শতাংশ থাকলেও অক্টোবরে কমে ৮ দশমিক ২৭ শতাংশে নেমেছে। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ১৪ দশমিক ১০ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪০ শতাংশে দাঁড়িয়েছে।
স্বল্প আয়ের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমাতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে ৫০ লাখ পরিবারকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতায় ২ কোটি পরিবারকে আনার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া কৃষকদের বীজ ও সারে সহায়তা, চাল বিতরণ কর্মসূচি এবং শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল অনুমোদনের কথা উল্লেখ করেন তিনি। সর্বজনীন ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব দেওয়ার পাশাপাশি ওষুধশিল্পের বিকাশেও সরকার কাজ করছে।
দেশের ঋণ পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রী বলেন, অতীতের ঋণের বোঝা ও ব্যয় বৃদ্ধির চাপ থাকলেও প্রতিটি ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করা হচ্ছে এবং বাংলাদেশ কোনো ঋণ পরিশোধে খেলাপি হয়নি। ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে আলাদা ঋণ ব্যবস্থাপনা বিভাগ গঠন করা হচ্ছে, যার মাধ্যমে নাগরিকেরা দেশের প্রকৃত ও মাথাপিছু ঋণের হিসাব জানতে পারবেন।
সরকারি প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে চারটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থের যথাযথ ব্যবহার (ভ্যালু ফর মানি), বিনিয়োগের বিপরীতে আর্থিক ও অর্থনৈতিক সুফল, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত প্রভাব। এসব শর্ত পূরণ না হওয়ায় অনেক প্রকল্প বাতিল করা হয়েছে এবং ধীরগতির চলমান প্রকল্পও তালিকা থেকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বেসরকারি খাতে ঋণপ্রবাহ স্বাভাবিক রাখতে বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের পথ তৈরি করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। এর অংশ হিসেবে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ডলার বন্ড, পান্ডা বন্ড ও সামুরাই বন্ড এবং হংকং স্টক এক্সচেঞ্জে বাংলাদেশ ইকুইটি ফান্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
করব্যবস্থার সংস্কার প্রসঙ্গে তিনি জানান, কর নীতি প্রণয়ন ও কর আদায়ের দায়িত্ব আলাদা করার কাজ আগামী দুই থেকে তিন মাসের মধ্যে শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি পুঁজিবাজারকে স্বচ্ছ ও বাজারভিত্তিক করতে অনলাইন ও রিয়েল-টাইম কার্যক্রম চালু এবং প্রক্রিয়া সহজ করার কাজ চলছে।
ইলেকট্রনিকস শিল্পে কর ছাড় দেওয়ার ফলে ১৬টি প্রতিষ্ঠান উৎপাদনে গেছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি আরও জানান, নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি দেশের নিজস্ব কয়লা সম্পদ ব্যবহারের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া বড় অবকাঠামো এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) প্রকল্পে বেসরকারি বিনিয়োগকে স্বাগত জানানো হচ্ছে।
এমএইচ
