কলকাতায় তৃণমূলের নির্মাণাধীন সদর দপ্তর সিলগালা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১৮ পিএম, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার
ভারতের কলকাতার তপসিয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নির্মাণাধীন সদর দপ্তর সিলগালা করে দিয়েছে পুলিশ। একই সঙ্গে ভবনটিতে সব ধরনের রাজনৈতিক সভা ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতা পৌর করপোরেশনের (কেএমসি) নিরাপত্তাসংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৭ নভেম্বর) রাতে এই পদক্ষেপ নেওয়া হয়। এ ঘটনায় সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবির রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে।
পুলিশ সূত্র জানিয়েছে, নির্মাণাধীন ভবনটিতে রাজনৈতিক সভা হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু পোস্ট দেখার পর পৌর করপোরেশন আনন্দপুর থানায় অভিযোগ জানায়। ভবনটির নির্মাণকাজ এখনো শেষ হয়নি এবং এটি ব্যবহারের জন্য প্রয়োজনীয় সমাপ্তি সনদও (কমপ্লিশন সার্টিফিকেট) পাওয়া যায়নি। এমন অসম্পূর্ণ ভবনে লোকজনের সমাগম হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে পৌর কর্তৃপক্ষ।
অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ভবনটিতে গিয়ে প্রবেশপথে ব্যারিকেড স্থাপন করেন। বর্তমানে শুধু নির্মাণকাজে নিয়োজিত কর্মীদেরই ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
খবর পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ ও দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা সভাপতি বৈশ্বানর চট্টোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে পুলিশ স্পষ্ট জানায়, ভবনটির নির্মাণকাজ চলতে পারবে, তবে সেখানে কোনো রাজনৈতিক সভা বা সমাবেশ করা যাবে না।
পৌর করপোরেশনের নিরাপত্তার উদ্বেগের পক্ষে যুক্তি দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দলটির পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘তৃণমূল নামে কোনো দল নেই। কোন তৃণমূল? ডি নাকি এম? নির্মাণাধীন ভবনে সভা চলার সময় ছাদ ধসে কেউ মারা গেলে এর দায় কে নেবে? শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকেই দায়ী করা হবে।’
অন্যদিকে, শনিবার ভবনটি পরিদর্শনে গিয়ে রাজ্যসভার সদস্য দোলা সেন অভিযোগ করেন, পুলিশের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য দলীয় সম্পত্তির নিয়ন্ত্রণ নেওয়া। তিনি বলেন, ‘প্রায় ৩০ বছর ধরে জায়গাটি আমাদের। এটি আমাদের সম্পত্তি এবং আমরা সংস্কার করছি। শুধু সমাপ্তি সনদ নেই বলে তারা কোনোভাবেই আমাদের প্রবেশ বন্ধ করতে পারে না।’
দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা সভাপতি বৈশ্বানর চট্টোপাধ্যায়ও পুলিশের ব্যারিকেড দেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানান, দলীয় কর্মীরা শুধু নির্মাণকাজ তদারক করতে সেখানে যাচ্ছিলেন এবং এই বিধিনিষেধের বিরুদ্ধে দলটি আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।
কলকাতায় সাংগঠনিক সদর দপ্তর হিসেবে ব্যবহৃত দুটি ভবনের কোনোটিতেই প্রবেশাধিকার না থাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির নতুন সংকটে পড়েছে।
তপসিয়া রোডের ৩৬জি ঠিকানায় তৃণমূলের মূল সদর দপ্তরটি ২০০০ সালের শুরুর দিক থেকে চালু ছিল এবং ২০০২ সালের ২০ মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর পুরোনো ভবনটি ভেঙে সেখানে সাততলা নতুন সদর দপ্তর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়, যার কাজ প্রায় তিন বছর ধরে চলছে।
বিকল্প হিসেবে ২০২২ সালের মে মাসে মেট্রোপলিটন এলাকার ক্যানাল সাউথ রোডে পাঁচতলা একটি ভবন ভাড়া নেওয়া হয়েছিল। তবে বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর গত জুলাই মাসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠী ওই কার্যালয়ের নিয়ন্ত্রণ নেয়। এরপর তৃণমূলের আইটি সেল ও অন্যান্য শাখা তপসিয়ার নির্মাণাধীন ভবনে সভা করার প্রচার চালালে পৌর করপোরেশন এই হস্তক্ষেপ করে।
