ঢাকা, রবিবার   ২৯ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩৩

নামে ইসলামী হলেও কার্যত সুদভিত্তিক কার্যক্রম চালাচ্ছে শাহজালাল ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ রবিবার | আপডেট: ০৩:৪৩ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ রবিবার

বাংলাদেশ ব্যাংকের এক বিশেষ পরিদর্শন প্রতিবেদনে শাহজালাল ইসলামী ব্যাংকের কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও শরিয়াহ লঙ্ঘনের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটি নামমাত্র ‘ইসলামী’ সাইনবোর্ড ব্যবহার করলেও বাস্তবে প্রথাগত সুদভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকা প্রধান শাখা এবং সিলেট শাখায় এই গুরুতর অনিয়মগুলো সংঘটিত হয়েছে, যার বিরুদ্ধে আগামী তিন মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

পরিদর্শন প্রতিবেদনে দেখা গেছে, ব্যাংকটি সব নিয়মকানুন উপেক্ষা করে ৩ হাজার ১১ কোটি টাকার বিনিয়োগ বা ঋণ পুনঃতফসিল করেছে। ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক শর্ত অনুযায়ী পণ্য কেনাবেচা, মালিকানা হস্তান্তর এবং ঝুঁকি গ্রহণ বাধ্যতামূলক হলেও শাহজালাল ইসলামী ব্যাংক তা অনুসরণ করেনি। এর পরিবর্তে কোনো পণ্য কেনাবেচা ছাড়াই কেবল কাগজে-কলমে ভুয়া ঋণ সৃষ্টি, একই পণ্যের বিপরীতে বারবার মুনাফা আদায় এবং পুরোনো ঋণ সমন্বয় করতে নতুন ঋণ বিতরণের মতো অনিয়ম করেছে ব্যাংকটি।

তদন্তে আরও ভয়াবহ জালিয়াতির প্রমাণ মিলেছে ব্যাংকের শাখা পর্যায়ে। ঢাকা প্রধান শাখা ও সিলেট শাখায় গ্রাহকের নামে ভুয়া ক্যাশ মেমো তৈরি, বাস্তবে সরবরাহকারীর কোনো অস্তিত্ব না থাকা, পণ্য সরবরাহের প্রমাণ ছাড়াই বিল পাস এবং গ্রাহকের নিজের মাধ্যমেই বিনিয়োগের অর্থ উত্তোলনের ঘটনা ঘটেছে। অবাক করার বিষয় হলো, ব্যাংকটির নিজস্ব অভ্যন্তরীণ শরিয়াহ পরিদর্শন প্রতিবেদনে এসব বড় অনিয়মের কোনো উল্লেখই ছিল না।

শরিয়াহ নীতিমালা সম্পূর্ণ লঙ্ঘন করে ব্যাংকটি পাঁচটি সুদভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানে সরাসরি ১০০ কোটি ৬৭ লাখ টাকা বিনিয়োগ করেছে। প্রতিষ্ঠানগুলো হলো—বাংলাদেশ ফাইন্যান্স, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, আইআইডিএফসি, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস এবং ইউনিয়ন ক্যাপিটাল। এসব প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস সুদ হওয়ায় এখান থেকে প্রাপ্ত অর্থ ব্যাংকের মূল আয়ে যুক্ত না করে ‘ক্ষতিপূরণ খাতে’ স্থানান্তরের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়া, ২০২৫ সালে ১১টি সুদভিত্তিক প্রতিষ্ঠানের মাধ্যমে কৃষিঋণ কার্যক্রম পরিচালনা করেছে শাহজালাল ইসলামী ব্যাংক। এই খাত থেকে অর্জিত ১ কোটি ৮৫ লাখ টাকা ব্যাংকটি নিজস্ব আয় হিসেবে দেখিয়েছে। বাংলাদেশ ব্যাংক এই অর্থও নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ তহবিলে সরিয়ে নেওয়ার কঠোর সুপারিশ করেছে।

এসব অভিযোগের বিষয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, দেশে শরিয়াহ ব্যাংকিং পরিচালনার জন্য এতদিন সুনির্দিষ্ট কোনো আইন ছিল না, কেবল ফতোয়ার ওপর ভিত্তি করেই ব্যাংক চলেছে। তিনি দাবি করেন, কেন্দ্রীয় ব্যাংক যেসব ক্ষেত্রে শরিয়াহ লঙ্ঘনের বিষয়টি চিহ্নিত করেছে, সেগুলো ইতিমধ্যেই সংশোধন করে নেওয়া হয়েছে। পাশাপাশি ঋণ পুনঃতফসিলের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নীতিগত সহায়তা বা পলিসি সাপোর্ট মেনেই করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এমডি আরও জানান, আগে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বা এনজিওতে বিনিয়োগের অনুমোদন থাকলেও এখন কেন্দ্রীয় ব্যাংকের নতুন গঠিত বিভাগ ‘আইবিআরপিডি’ যেহেতু এটি নিষিদ্ধ করছে, তাই ভবিষ্যতে তারা এ ধরনের বিনিয়োগ থেকে সম্পূর্ণ বিরত থাকবেন এবং নতুন নীতিমালা অনুসরণ করবেন।

এমএইচ