ঢাকা, রবিবার   ২৯ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩৩

আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে: আইজিপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ রবিবার

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। 

একই সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেন আইজিপি।

পুলিশপ্রধান বলেন, দেশের ভেতরে ও বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

এসব অপপ্রচারে প্রভাবিত না হয়ে পেশাদারত্ব, মেধা ও দূরদর্শিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সাধারণ জনগণকে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন আইজিপি। একই সঙ্গে থানায় দায়ের করা মামলাগুলোর যথাযথ তদন্ত নিশ্চিত করতে তদন্তের গুণগত মান উন্নয়নের নির্দেশনা দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আহসান হাবীব পলাশ। দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের বডিওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেন তিনি।

মামলা তদন্তে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বিশেষ করে অপমৃত্যু মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার ওপর জোর দেন অতিরিক্ত আইজি। পাশাপাশি মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা যথাযথভাবে নথিভুক্ত করা এবং সেগুলো কার্যকরের হার বাড়ানোর নির্দেশনা দেন তিনি।

সভায় অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণসংক্রান্ত মামলার চিত্র তুলে ধরা হয়। মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, মামলার তদন্ত ও বিচার কার্যক্রমের অগ্রগতি এবং সাজার হার নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

এমএইচ