ঢাকা, রবিবার   ২৯ নভেম্বর ২০২৬,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩৩

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ১৯৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ রবিবার

কুমিল্লা জেলাজুড়ে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬২ সদস্যসহ মোট ১৯৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে চৌদ্দগ্রাম পৌরসভা এলাকায় সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুরের ঘটনায় সরাসরি জড়িত থাকায় নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্যকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ লুৎফুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাত পৌনে ১১টার দিকে চৌদ্দগ্রাম পৌরসভা এলাকায় নিষিদ্ধ সংগঠনের একদল সদস্য সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কয়েক দফা অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

ঘটনার পরপরই থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে গঠিত একাধিক দল রাতভর বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। এ সময় নাশকতা ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিয়মিত অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম-এর নির্দেশনায় পুরো জেলায় এই বিশেষ সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬২ জন নেতা-কর্মীসহ সর্বমোট ১৯৭ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অপরাধের সাথে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ১৩৯ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, কোনো অপরাধের সাথে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ৫৮ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ। পাশাপাশি, অভিযানের নামে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও আশ্বস্ত করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফুর রহমান।

এমএইচ