ঢাকা, মঙ্গলবার   ২৩ জুন ২০২৬,   আষাঢ় ৮ ১৪৩৩

একরাম হত্যা

মিনার চৌধুরীর জামিনের স্থগিতাদেশ বহাল

প্রকাশিত : ১২:০১ পিএম, ২৬ নভেম্বর ২০১৭ রবিবার

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলায় বিএনপি নেতা মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরীকে (মিনার চৌধুরী) হাইকোর্টের দেওয়া জামিনের স্থগিতাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ রোববার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন

আদালতে মিনার চৌধুরীর পক্ষে শুনানি করেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনালের মাহবুবে আলম।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একই সঙ্গে এ মামলা চার মাসের মধ্যে নিষ্পত্তির জন্য বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ৩০ অক্টোবর মিনার চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

উল্লেখ্য, ২০১৪ সালের ২০মে ফেনীর একাডেমি এলাকায় ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হককে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিনই বিএনপি নেতা মাহতাব উদ্দিনকে (মিনার চৌধুরী) প্রধান আসামি করে ৩৫ জনের বিরুদ্ধে ফেনী সদর থানায় মামলা দায়ের করেন একরামুল হকের বড় ভাই।

 

//এমআর