ঢাকা, মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২৭ ১৪৩২

খাতভিত্তিক দুর্নীতিবাজদের ধরা হবে : দুদক চেয়ারম্যান

প্রকাশিত : ১১:২৫ এএম, ৯ ডিসেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ১২:৩০ পিএম, ৯ ডিসেম্বর ২০১৭ শনিবার

আগামী বছর থেকে খাতভিত্তিক দুর্নীতিবাজদের ধরা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আজ শনিবার সকালে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ইকবাল মাহমুদ বলেন, প্রতিটি খাত থেকে দুর্নীতিবাজদের ধরা হবে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে।

“আসুন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই”-এই প্রতিপাদ্য নিয়ে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সংস্থাটি।

সরকার ০৯ ডিসেম্বরকে ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস’ ঘোষণা করার পরিপেক্ষিতে দিনটিকে ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস’ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেয় দুদক। এছাড়া কমিশনের মিডিয়া সেন্টারে আজ শনিবার থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দুর্নীতিবিরোধী সর্ব সাধারণের গণস্বাক্ষর কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে।

সকাল দশটায় কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের নেতৃত্বে কমিশনের প্রধান কার্যালয় ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, দুদকের প্যানেল আইনজীবী, ঢাকা মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, গার্ল গাইডস, বয়েজ স্কাউট, আনসার ও বিএনসিসি’র সদস্যগণসহ সর্বস্তরের সাধারণ মানুষ নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতিবিরোধী মানববন্ধন করে দুদক।

মানবন্ধন শেষে বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

 

//এমআর