ঢাকা, রবিবার   ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

ক্যাপিটাল এফএম ৯৪.৮’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশিত : ০৫:০৩ পিএম, ২ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১০:১২ পিএম, ৫ জানুয়ারি ২০১৮ শুক্রবার

দ্বিতীয় বছরে পা রাখলো ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) ‘রে‌ডিও ক্যাপিটাল এফএম ৯৪.৮’।
এ সময় প্রতিষ্ঠানটির কার্যালয়ে কেক কেটে প্রথম বর্ষপূ‌র্তির আয়োজনের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
ঢাকার শ্রোতাদের কাছে দ্রুত জন‌প্রিয়তা পাওয়া এ রে‌ডিও চ্যানেলকে শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘রেডিও ক্যাপিটাল যেন আগামী দিনে বিশ্বে বিশাল অবস্থান করে নিতে পারে সেজন্য পেছন থেকে সব শক্তি যুগিয়ে যাবো।’
বর্ষপূর্তির প্রতিক্রিয়া জানিয়ে আহমেদ আকবর সোবহান বলেন, ‘গত ১০ বছরে দেশে কোনো পত্রিকা দাঁড়াতে পারেনি। শুধু ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পত্রিকা, টেলিভিশন, রেডিও এবং অনলাইন অনেক উন্নত অবস্থানে পৌঁছে গেছে।’
তিনি আরও বলেন, ‘২ বছরের মধ্যে আমাদের টেলিভশন চ্যানেলের অবস্থান দেশের প্রথম তিনটির একটি হয়েছে। আমি বিশ্বাস করি কোয়ালিটি, কোয়ান্টিটি নয়।’
সংবাদকর্মীদের উদ্দেশে আহমেদ আকবর সোবহান বলেন, ‘আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে মিডিয়া পরিচালনা করার দায়িত্ব দিয়েছি। যাদের দায়িত্ব দিয়েছি তারা প্রতিষ্ঠান ‘ওউন’ করেন। পরিবারের সদস্য হিসেবে আপনারা আজীবন থাকবেন, আজীবন আমাদের সাথে কাজ করে যাবেন।’
অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও রেডিও ক্যাপিটালের সিইও নঈম নিজাম বলেন, ‘আজ রেডিও ক্যাপিটাল এর প্রতিষ্ঠাবার্ষিকী। আমাদের এই মিডিয়া হাউজ একটি পরিপূর্ণ মিডিয়া হাউজ। আমাদের বিদেশি বন্ধুরা যখন আমাদের এখানে ঘুরতে আসেন তখন তারা অবাক হন। বলেন- এখানে এতো সুন্দর একটি মিডিয়া হাউজ! আমাদের এফএম, টিভি চ্যানেল, পত্রিকা বাংলাদেশের শীর্ষ পর্যায়ে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের রেডিও ক্যাপিটালের কার্যালয়ে বর্ষপূর্তির এ অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ইংরেজি দৈনিক ডেইলি সান-এর ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক চৌধুরী, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফ‍া কামাল, নিউজ ২৪ এর নির্বাহী পরিচালক হাসনাইন খুরশেদ, রেডিও ক্যাপিটালের নির্বাহী পরিচালক মেহেদী মালেক সজিব প্রমুখ।
এসএ/