ঢাকা, মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬,   চৈত্র ১০ ১৪৩২

সেমিনারে তথ্য

দেশে ঝুঁকিপূর্ণ শ্রমে জড়িত ১২ লাখ শিশু

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ৯ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

দেশের মোট জনগোষ্ঠীর ৩১.৫১ জনের বয়স ৫ থেকে ১৭ বছরের মধ্যে। এদের মধ্যে শতকরা ৭৯ জন স্কুলে গেলেও বাকি ১১ জন কখনোই স্কুলে যায়নি। ২০১৩ সালের এক জরিপে উঠে এসেছিল এমন চিত্র। একই সময়ের অন্য এক জরিপে দেখা যায়, দেশের ৩.৪ মিলিয়ন শিশু শ্রমের সঙ্গে জড়িত। এদের মধ্যে ৩২ লাখ বাহাত্তর হাজার সাতশ` ৭৯ জন ইনফরমাল এবং ১৭ লাখ সাত হাজার পাঁচশ` ৯০ জন ফরম্যাল সেক্টরে কাজের সঙ্গে জড়িত। আর ঝুঁকিপূর্ণ শ্রমের সঙ্গে জড়িত ১.২ মিলিয়ন শিশু।

আজ সকালে অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট’র ডেভেলপমেন্ট অব চিলড্রেন অ্যাট হাই রিস্ক আয়োজিত ‘শিশুদের সুরক্ষা : আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে এসব কথা তুলে ধরা হয়।

রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমসি ভবনে আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিএইচআর’র প্রজেক্ট ম্যানেজার ইউ কে এম ফারহানা সুলতানা। এএসডি`র নির্বাহী পরিচালক জামিল এইচ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

সেমিনারে আলোচকগণ কর্মজীবী শিশুদের মধ্যে শিক্ষণ ও বিনোদনের মাধ্যমে পড়ালেখার সুযোগ তৈরি করে দেওয়া, প্রশিক্ষণের মাধ্যমে ঝুঁকিপূর্ণ শ্রম থেকে শিশুর উপযোগী কাজের সঙ্গে নিযুক্ত করানো, অভিভাবকদের সঙ্গে মিটিং এর মাধ্যমে শিশুশ্রমের অপকার নিয়ে আলোচনা এবং তাদের সন্তানদের শ্রমে নিযুক্ত করা থেকে নিরুৎসাহিত করার প্রস্তাব উঠে আসে। একই সঙ্গে মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে সব মানুষের মধ্যে শিশুশ্রম বিষয়ে প্রচারণা চালানোর উদ্যোগ নেওয়া হয়।

 

/ এআর /