ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬,   চৈত্র ২ ১৪৩২

৩০ অক্টোবর তফসিল ঘোষণার কাউন্ট-ডাউন শুরু: ইসি সচিব

প্রকাশিত : ০২:০৬ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮ সোমবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রসঙ্গে সচিব নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ বলেছেন, ৩০ অক্টোবর কাউন্ট-ডাউন শুরু হবে। তারপর যেকোনো সময় তফসিল ঘোষণা হবে। তবে, কবে হবে—তা নির্ধারণ করবে কমিশন।

আজ সোমবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এবারের নির্বাচনে ৭ লাখের মতো কর্মী লাগবে জানিয়ে তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসারসহ এবারের জাতীয় নির্বাচনে ৭ লাখের মতো কর্মকর্তা-কর্মচারীর প্রয়োজন হবে।

খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা ৪০ হাজার ৯৯টি এবং ভোট কক্ষের সংখ্যা ২লাখ ৬হাজার ৫৪০টির মতো বলে তিনি জানান।

২৫ সেপ্টেম্বরের পর থেকে ভোটর তালিকার মুদ্রণ শুরু হবে জানিয়ে নির্বাচন কমিশন সচিব বলেন, জাতীয় নির্বাচন উপলক্ষে আমাদের ভোটার তালিকার সিডি প্রস্তুত হয়েছে। ২৫ সেপ্টেম্বরের মধ্যে এগুলো জেলা-উপজেলায় পাঠিয়ে দেওয়া হবে। তারপর সেখানে এগুলো মুদ্রণ হবে।

জাতীয় নির্বাচনের প্রস্তুতি ৮০ ভাগ সম্পন্ন হয়েছে দাবি করে সচিব বলেন, নির্বাচনের আগে ৩০০ আসনের সীমনা নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ কাজ। আমরা সেটা সম্পন্ন করতে পেরেছি।

/ এআর /