ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬,   চৈত্র ৩ ১৪৩২

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত : ১০:৩৪ এএম, ২ নভেম্বর ২০১৮ শুক্রবার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুই দল মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনায় পুলিশের চার সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালীর খুরের মুখ এলাকায় সমুদ্র সৈকতে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৩টি বন্দুক, ৩০ রাউন্ড গুলি ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন- সাবরাং সিকদার পাড়া এলাকায় সুলতান আহমদের ছেলে সাদ্দাম হোসেন (২৬) ও হ্নীলা পূর্ব সিকদার পাড়ার তোফায়েল আহমদের ছেলে সাদ্দাম হোসেন (২৮)। তাদের বিরুদ্ধে থানায় মাদক ও মানব পাচারসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি প্রদীপ কুমার দাস জানান, শুক্রবার ভোরে টেকনাফে দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন তাদের পরিচয় শনাক্ত করেন।

একে//