মোরলগঞ্জ আ: লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
অশুভ শক্তিকে মাথা চাড়া দিয়ে উঠতে না দেয়ার প্রত্যয়
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৩৬ পিএম, ২৪ নভেম্বর ২০১৯ রবিবার
বাগেরহাটের মোরলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগ কন্দ্রেীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, বিএনপি, জামায়াত, রাজাকারদের বাংলার মাটিতে কবর হয়ে গেছে। ওই অশুভ রাজনৈতিক শক্তিকে আর এ দেশে মাথা চাড়া দিয়ে উঠতে দেব না। এরপরেও যদি কেউ উঠতে চায়, তাহলে বঙ্গোপসাগরের নিচে নিক্ষেপ করা হবে। রোববার বিকেলে মোরলগঞ্জ পৌর পার্কে অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্ধোধন করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. আমিরুল আলম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যানবিষয়ক সম্পাদক সুজীত রায় নন্দী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. রিয়াজুল কবির কাওসার, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. কামরুজ্জামান টুকু।
এসময় আরও বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদারসহ আরও অনেকে।
সভা শেষে সন্ধ্যার দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. আমিরুল আলম মিলনকে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং এম এমদাদুল হককে সাধারণ সম্পাদক ঘোষণা করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু।
কেআই/আরকে
