ঢাকা, বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২২ ১৪৩২

অপহরণের নাটক সাজিয়ে মায়ের কাছে চাঁদা দাবি স্কুল শিক্ষার্থীর!

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১০:২৮ এএম, ২৯ নভেম্বর ২০১৯ শুক্রবার

নড়াইলের কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু তালহাকে (১৫) উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে নড়াইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম পিপিএম জানান, কালিয়া উপজেলার হাড়িডাঙ্গা গ্রামের ইমদাদুল ইসলাম লাভলুর ছেলে আবু তালহা গত ২৫ নভেম্বর বাড়ি থেকে পাশের রামনগর এলাকায় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়।

কিন্তু আবু তালহা ওইদিন শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায়নি এবং বাড়িতেও ফিরে আসেনি মর্মে তার বাবা ইমদাদুল ইসলাম লাভলু পরদিন কালিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তালহাকে কে বা কারা অপহরণ করেছে বলে তার পরিবার পুলিশকে জানায়।
 
এরপর আবু তালহাকে উদ্ধারে মাঠে নামে পুলিশ। প্রযুক্তির সাহায্যে তার অবস্থান সনাক্ত করার চেষ্টা করা হয়। এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে আবু তালহাকে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, পড়ালেখায় অমনোযোগী ও স্কুলের বার্ষিক পরীক্ষায় প্রস্তুতির অভাবে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আত্মগোপন করার চেষ্টা করছিল সে। এক্ষেত্রে আবু তালহাকে অপহরণ করা হয়েছে, এই মর্মে বুধবার সন্ধ্যায় (২৭ নভেম্বর) তার মাকে একটি মোবাইল নাম্বার থেকে ফোন দেয়া হয়।

এক্ষেত্রে তালহা তার এক পরিচিত লোককে দিয়ে তার মায়ের কাছে ফোন দিয়ে মুক্তিপণের টাকা দাবি করে। তাকে উদ্ধারের পর অপহরণ নাটক ফাঁস হয়ে যায়।    

পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক ও আবু তালহার বাবার উপস্থিতিতে তার ব্যাগ তল্লাশি করে দেখা যায়, ব্যাগের মধ্যে বিভিন্ন কোম্পানির ৪টি মোবাইল সিম, দু’টি মোবাইল ফোন, ৩ হাজার ২৯০ টাকাসহ বিভিন্ন দেশের টাকা, নায়াগ্রা ট্যাবলেট, পোশাক ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী রয়েছে।

আবু তালহার বাবা ইমদাদুল ইসলাম লাভলু জানান, তিনি প্রায় ১০ বছর বিদেশে থেকে সম্প্রতি বাড়িতে এসে কালিয়া বাজারে কাঁচামালের ব্যবসা শুরু করেন। ছেলেকে চার বিষয়ে প্রাইভেট পড়ানোর টাকা দিলেও ঠিকমত লেখাপড়া করেনি। ছেলেটি বিপথে চলে গেলেও তিনি বুঝতে পারেননি। ছোট মেয়ে সপ্তম শ্রেণিতে পড়ালেখা করছে। 

কালিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুইদিন একটানা অভিযান চালিয়ে তালহার অপহরণ নাটকের গোমর ফাঁস হলো। তাকে তার বাবার কাছে তুলে দেয়া হয়েছে। 

এআই/