দিরাইয়ের লৌলারচর প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের বির্তক প্রত
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৫:১১ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৯ বুধবার
সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল থেকে শহীদ তালেব ফাউন্ডেশনের সহায়তায় ইউনিয়নের লৌলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা শুরু হয়।
দিরাই উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়ের সভাপতিত্বে ও লৌলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রজ্ঞন কুমার দাসের সঞ্চালনায় প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার।
এ সময় মডারেটরের দায়িত্ব পালন করেন এলংজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেন চন্দ্র দাস,পেরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার দাস। এছাড়াও বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করেন- প্রধান শিক্ষক নিবাস চন্দ্র দাস, প্রধান শিক্ষক স্মৃতি রানী তালুকদার, সহকারী শিক্ষিকা পান্না রানী তালুকদার, প্রধান শিক্ষক দেবজানি মজুমদার, প্রধান শিক্ষিকা হ্যাপী রায়।
বির্তক প্রতিযোগিতা শেষে অতিথিরা শ্যামারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে বিজয়ী দল হিসেবে ঘোষণা করেন এবং লৌলারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে রানার্স আপ দল হিসেবে ঘোষণা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার প্রথমেই মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগ ও দু’লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতার এই বিজয়ের মাসে তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে এবং একটি অসাম্প্রদায়িকতার চেতনার বাংলাদেশ বির্নিমাণে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের সুশিক্ষার মাধ্যমে তাদের গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষা ছাড়া একটি জাতি তার কাংঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারে না। তাই সরকার গ্রামগঞ্জের প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছে। তবে শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ, মেধা ও মননে খেলাধূলার মাধ্যমে শরীরচর্চা ও মেধাকে বিকশিত করতে বিতর্ক প্রতিযোগিতার কোন বিকল্প নেই।
বর্তমান প্রজন্মের কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে শিক্ষক-শিক্ষিকাদের পাশপাশি তাদের অভিভাবকদের আরও বেশি করে সচেতন হওয়ার আহবান জানান তিনি। পরে বিজয়ী ও রানার্স আপদলের সদস্যদের হাতে ক্রেষ্ট তুলে দেন অতিথিরা।
এএইচ/
