৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশিত : ১৬:৪০, ১০ ফেব্রুয়ারি ২০২৬
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ১২৩৮৫ জনকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাময়িকভাবে উত্তীর্ণ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে পিএসসির ওয়েবসাইটে এই ফলাফল আপলোড করা হয়।
উত্তীর্ণ এই পরীক্ষার্থীরা এখন ৫০তম বিসিএসের পরবর্তী ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী। গত ৩০ জানুয়ারি ঢাকা ও অন্য সাতটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে বড় একটি অংশ নেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে (৬৫০ জন)। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন কর্মকর্তা নিয়োগের সুপারিশ করা হবে।
পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে ফলাফল দেখতে পারবেন প্রার্থীরা। এ ছাড়া টেলিটক মোবাইল থেকে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানার সুযোগ রয়েছে।
এএইচ
আরও পড়ুন










