ঢাকা, মঙ্গলবার   ০৪ আগস্ট ২০২৬

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, পরিস্থিতি থমথমে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৯, ৪ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:১১, ৪ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। এই ঘটনায় এখন পর্যন্ত কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠের সামনে দুই ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মুখোমুখি অবস্থানের ঘটনা ঘটে। 

দুই পক্ষের এই সংঘর্ষের সময় লাঠিসোটা হাতে নিয়ে কয়েকজনে মারধর করতে দেখা যায়।
এই সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার সময় বেশ কয়েকজন আহত হয়েছে। সেখানে ভাংচুরও চালাতে দেখা গেছে।

ওই ঘটনার সময় কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম নয়নকেও লাঠি হাতে সেখানে অবস্থান নিতে দেখা যায়।

সেখান থেকে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছিলেন, “আমি খামার বাড়ি প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে ছিলাম। শুনি যে শিবির এসে হলের ভেতরে দেদারসে বোম মারতেছে, হাতুড়ি দিয়ে মারছে এবং রামদা দিয়ে কোপাচ্ছে। যখন সাধারণ ছাত্রদের ওপর এমন অত্যাচার হচ্ছে তখন আমরা ১৭ বছর আন্দোলন করেছি। আমরা তো বসে থাকতে পারি না”।

এ নিয়ে চকবাজার থানার ওসি তদন্ত মো. আবুল খায়ের বলেন, “ওখানে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে বলে শুনেছি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে”।

এই সংবাদ লেখা পর্যন্ত সেখানে বিপুল পরিমাণ পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি বলে জানিয়েছে সেখানে দায়িত্ব পালনরত গণমাধ্যমকর্মীরা।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এবং ঢাকা কলেজ ক্যাম্প্যাসেও ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ধারাবাহিক সংঘর্ষের জেরে পুরো শিক্ষাঙ্গন জুড়ে চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপত্তা ও শান্তি বজায় রাখার জোর দাবি জানিয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি