ঢাকা, রবিবার   ১৫ নভেম্বর ২০২৬

কড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত যুবকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ১৫ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুড়ে গেছে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান।

রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে টিঅ্যান্ডটি কলোনির পশ্চিম পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন,ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় একজন মারা গেছে। 

নিহত শাহরিয়ার রহমান শুভ্রর বাবার নাম মো. মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। সে টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেটে ইসলামের ভাড়াটিয়া। তার স্থায়ী ঠিকানা ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রাম।

ভোরে আগুনের সময় গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় শুভ আর বের হতে পারেননি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বনানী থানার ওসি সালাউদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুড়ে যাওয়া একটি ঘর থেকে শুভ্র নামের ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তদন্ত সাপেক্ষে ফায়ার সার্ভিস নিশ্চিত করতে পারবে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি