গুলশান থানার ওসি দাউদ হোসেনকে প্রত্যাহার
প্রকাশিত : ১৫:০৫, ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনার পর ওসিকে প্রত্যাহার করা হলো।
আজ বুধবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের এক আদেশে এ তথ্য জানানো হয়।
ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী এই আদেশে সই করেছেন।
ডিএমপির সদর দপ্তরের আদেশে বলা হয়েছে, গুলশান থানার ওসি দাউদ হোসেনকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
গত শুক্রবার দুপুরে গুলশানে জড়ো হয়ে ঝটিকা মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি ৮০ থেকে ১০০ জন।
এ মামলায় ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ২৪ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।
এএইচ
আরও পড়ুন










