ঢাকা, শনিবার   ১৭ অক্টোবর ২০২৬

চেন্নাই শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে এসএবি’র অংশগ্রহণ, দুটি গবেষণাপত্র উপস্থাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৬, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:১১, ১৭ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

চেন্নাইয়ে অনুষ্ঠিত ১৬তম আন্তর্জাতিক Coalition for Global Hearing Health (CGHH) Conference 2026-এ বাংলাদেশের শ্রবণ স্বাস্থ্য খাতের প্রতিনিধিত্ব করেছেন সোসাইটি অফ অডিওলজি ইন বাংলাদেশ (SAB)এর ছয় সদস্যের অডিওলজি এন্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজি গ্রাজুয়েটদের একটি পেশাজীবী প্রতিনিধি দল। বিশ্বের ২৭টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশের শ্রবণ স্বাস্থ্যসেবা, শিক্ষা ও গবেষণার অগ্রগতি আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা হয়।

সোসাইটি অফ অডিওলজি ইন বাংলাদেশের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক এস এম তৌফিকের নেতৃত্বে প্রতিনিধি দলটি সম্মেলনে অংশগ্রহণ করে। এ সময় বাংলাদেশের শ্রবণ স্বাস্থ্যবিষয়ক দুটি গবেষণাপত্র আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন করা হয়। 

গবেষণাপত্র দুটির বিষয় ছিল—বাংলাদেশের ট্রাফিক পুলিশের পেশাগত শব্দদূষণ ও শব্দজনিত শ্রবণহানি সম্পর্কে সচেতনতা এবং স্কুলগামী শিশুদের মধ্যে Central Auditory Processing Disorder (CAPD)-এর ঝুঁকি।

আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপনের মাধ্যমে বাংলাদেশের শ্রবণ স্বাস্থ্যসংক্রান্ত বাস্তব পরিস্থিতি, পেশাগত ঝুঁকি এবং শিশুদের শ্রবণ প্রক্রিয়াজনিত সমস্যার বিষয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করা হয়।

সম্মেলনের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের শ্রবণ স্বাস্থ্য বিশেষজ্ঞ ও প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের মতবিনিময় হয়। এসব আলোচনায় বাংলাদেশে শ্রবণ স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, অডিওলজি ও স্পিচ-ল্যাঙ্গুয়েজ প্যাথলজি শিক্ষার উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয় গুরুত্ব পায়।

এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার চক্ষু, কান ও শ্রবণবিষয়ক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিনিধি ডা. শেলী ছাদারের সঙ্গে সোসাইটি অফ অডিওলজি ইন বাংলাদেশের সাধারণ সম্পাদক এস এম তৌফিকসহ বাংলাদেশি প্রতিনিধিদলের একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে বাংলাদেশের শ্রবণ স্বাস্থ্য খাতের বর্তমান অবস্থা, সেবার উন্নয়ন এবং ভবিষ্যতে আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ উদ্যোগ বাংলাদেশের শ্রবণ স্বাস্থ্য খাতের উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারত্ব তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করেন প্রতিনিধিরা।

সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলে আরও ছিলেন সোসাইটি অফ অডিওলজি ইন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ হাসান তারেক, ডেপুটি পাবলিক রিলেশনস সেক্রেটারি ইশরাক পৃথীল, ডেপুটি আইটি সেক্রেটারি উম্মে শরীফা, সদস্য তারিফুল ইসলাম এবং সদস্য জেবুন নাহার জ্যোতি।

সংশ্লিষ্টরা মনে করেন, আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের গবেষণা উপস্থাপন, দেশের শ্রবণ স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থার অগ্রগতি তুলে ধরা এবং বৈশ্বিক বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে দেশের অডিওলজি পেশার বিকাশে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে এ ধরনের আন্তর্জাতিক অংশগ্রহণ শ্রবণজনিত প্রতিবন্ধকতা প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও পুনর্বাসনসেবা সম্প্রসারণে বাংলাদেশের উদ্যোগকে আরও গতিশীল করতে সহায়ক হবে।

সোসাইটি অফ অডিওলজি ইন বাংলাদেশ দেশের শ্রবণ স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অডিওলজি পেশার বিকাশ, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি