ঢাকা, শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬

জানা গেল পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৪, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৪০, ২০ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে, আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই শুরু হতে পারে মুসলিম উম্মাহর সিয়াম সাধনার মাস। 

সে হিসাবে বুধবার (১০ মার্চ) উদ্যাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। তবে রমজান ও ঈদের তারিখ চূড়ান্তভাবে নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। চাঁদ দেখা গেলে ওই রাতেই আদায় করা হবে প্রথম তারাবির নামাজ। পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে প্রথম রোজা।

হিজরি বর্ষপঞ্জি চাঁদের গতিপথের ওপর নির্ভরশীল। এ কারণে ইংরেজি বর্ষপঞ্জিতে প্রতিবছর রমজান মাস প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই হিসাবে, ২০২৭ সালে ২০২৬ সালের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে পবিত্র রমজান।

সাধারণত রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হয় পবিত্র ঈদুল ফিতরের দিন। 

বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে এ তারিখে পরিবর্তন আসতে পারে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি