টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতাকর্মীর পদত্যাগ
প্রকাশিত : ১৫:৫৪, ২৫ নভেম্বর ২০২৬
এবার টুঙ্গিপাড়ায় পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন । বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় গিমাডাঙ্গা নতুন বাজারে বোরহানের দোকানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছিলেন। দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে তারা নিজ নিজ পদসহ বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, তারা দীর্ঘদিন ধরে বিএনপির পাটগাতী ইউনিয়ন শাখার বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট নন। এ কারণে সম্পূর্ণ স্বেচ্ছায়, সুস্থ মস্তিষ্কে এবং নিজ নিজ সিদ্ধান্তে দল থেকে পদত্যাগ করেছেন।
একযোগে পদত্যাগকারী ছয় নেতা হলেন, ইউনিয়ন সহ-কৃষি বিষয়ক সম্পাদক শাহানুর শেখ; ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সদস্য মো. আফজাল; দপ্তর সম্পাদক সজীব ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ ও সদস্য মোহাম্মদ জামাল মোল্লা।
লিখিত বক্তব্যে পদত্যাগকারী নেতারা আরও জানান, পদত্যাগের মাধ্যমে তারা দলের সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে বিএনপি কিংবা দলটির কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
তারা স্পষ্ট করে বলেন, তাদের এ পদত্যাগের সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত ও স্বেচ্ছায় নেওয়া। এ বিষয়ে কারো কোনো চাপ, প্ররোচনা কিংবা প্রভাব নেই। নিজেদের বিবেচনায় তারা এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের বিষয়টি সংশ্লিষ্ট দলীয় নেতাকর্মীসহ সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তারা।
একই ইউনিয়নের ছয় নেতার একযোগে পদত্যাগের ঘটনায় স্থানীয় বিএনপির সাংগঠনিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
এমএইচ
আরও পড়ুন










