ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২৪৯
প্রকাশিত : ১৭:২৯, ২৫ অক্টোবর ২০২৬
দেশজুড়ে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত রোগে এ র্যন্ত মোট প্রাণহানি ৩৮৪ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে দুই হাজার ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, খুলনা বিভাগে একজন, ময়মনসিংহ বিভাগে দুইজন ও রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাহিরে) সবচেয়ে বেশি ৬০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ২১৭, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৭৯, ময়মনসিংহ বিভাগে ১৫৫, রাজশাহী বিভাগে ২২৪, রংপুর বিভাগে ৮২ ও সিলেট বিভাগে ৩০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ রোববার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১৮৩ জন মারা গেছেন।
এ সময়ে খুলনা বিভাগে ৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ২৫ জন, রংপুরে ৭ জন ও সিলেট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।
এমএইচ










