ঢাকা, মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, নতুন ভর্তি ২০৭১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩১, ২৭ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

দেশজুড়ে ডেঙ্গুতে ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড বলে জানা গেছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০০ জনে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২১ হাজার ৪২২ জন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২ হাজার ৭১ জন ভর্তি হয়েছেন।

এছাড়া গত এক দিনে ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু হওয়ায় চলতি বছরে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০০ জনে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই মারা গেছেন ১৫৫ জন। 

তাছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মারা গেছেন দুজন করে ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৬ ও ১৫ অক্টোবর দেশে একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়। এবার গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হওয়ায় সেই রেকর্ড ছাড়িয়ে গেল।

এদিকে গত একদিনে বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ভর্তি হয়েছেন ৮৯৯ জন। 

এ ছাড়া চট্টগ্রামে ২৪১ জন, খুলনায় ২৫০ জন, বরিশালে ২১৭ জন, রাজশাহীতে ২২৯ জন, ময়মনসিংহে ৯৭ জন এবং রংপুরে ১১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি