ঢাকা মহানগর উত্তরের জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন
প্রকাশিত : ০৯:৫৩, ৫ নভেম্বর ২০২৬
২০২৭-২০২৮ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বৈঠকে মোহাম্মদ সেলিম উদ্দিনের নাম ঘোষণা করেন দলের আমির ও বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান।
এর আগে গত ২৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে ১৩ হাজার ভোটার ২০২৭-২০২৮ সেশনের জন্য আমির নির্বাচনের ভোট প্রদান করেন। পুরুষ ও মহিলা রুকনরা প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন।
নির্বাচন কমিশনার ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো.মোবারক হোসেন। তাকে সহায়তা করেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। ১৩টি বুথে ভোট গ্রহণ করা হয়।
কেন্দ্র থেকে পাঠানো কেন্দ্রীয় প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মাসুম স্বাক্ষরিত ব্যালট পেপারে রুকনরা পছন্দের দায়িত্বশীলের নাম লিখে ব্যালট বক্সে ফেলেন।
দলটির গঠনতন্ত্র অনুযায়ী, জামায়াতের সকল ধরনের নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ব্যক্তিই নির্বাচিত হন। দলের নেতৃত্ব নির্বাচনে কোনো প্রার্থী থাকেন না। কেউ পদের জন্য আকাঙ্ক্ষাখী হলে তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন।
মোহাম্মদ সেলিম উদ্দিন ২০০৩ সালে সেক্রেটারি জেনারেল ও ২০০৪-২০০৫ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ছাত্রজীবন শেষ করে তিনি দিগন্ত টেলিভিশনের অন্যতম উদ্যোক্তা হিসেবে ভূমিকা রাখেন এবং ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ২০০৮-২০১১ সাল পর্যন্ত রমনা থানা আমির, ২০১২-২০১৬ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি, ২০১৭-২০২৬ সাল পর্যন্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে জামায়াতের মনোনিত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
এএইচ
আরও পড়ুন










