প্রধানমন্ত্রীর সহায়তায় ছাত্রদলের সাবেক সভাপতির কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা
প্রকাশিত : ২৩:১৬, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:২০, ১৯ অক্টোবর ২০২৬
ঝালকাঠির নবগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলামের জন্য আধুনিক কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ব্র্যাক হেলথ সেন্টারের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়। দীর্ঘদিন ধরে ব্যবহৃত কৃত্রিম পা অকেজো হয়ে যাওয়ায় চলাফেরায় ভোগান্তিতে থাকা সাইফুল এখন লাঠির সাহায্য ছাড়াই স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন।
আজ ব্র্যাক হেলথ সেন্টারে সাইফুলের কৃত্রিম পা সংযোজনের সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
এ সময় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় দলের নেতাকর্মীদের সাহায্য-সহযোগিতায় এগিয়ে এসেছেন। নেতাকর্মীদের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর রাখার ক্ষেত্রে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম আন্তরিক ভূমিকা পালন করেন। তিনি সাধ্যমতো অসুস্থ ও অসহায় নেতাকর্মীদের চিকিৎসার ব্যবস্থা করেন এবং তাদের পাশে দাঁড়ান।
সাইফুল ইসলাম ২০০৯ সালে এক সড়ক দুর্ঘটনায় পা হারান। এরপর দীর্ঘদিন কৃত্রিম পা ব্যবহার করে চলাফেরা করলেও একপর্যায়ে সেটি অকেজো হয়ে পড়ে। এতে আবারও স্বাভাবিক চলাফেরায় সমস্যার মুখে পড়েন তিনি।
বিষয়টি স্থানীয় সংরক্ষিত নারী সংসদ সদস্য জেবা আমিন খানের মাধ্যমে অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের নজরে আসে। পরে তিনি ব্র্যাক হেলথ সেন্টারের সহযোগিতায় সাইফুলের জন্য আধুনিক কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করেন। কৃত্রিম পা সংযোজনের পর সাইফুলের চলাফেরায় স্বস্তি ফিরে এসেছে। এখন তিনি লাঠির সাহায্য ছাড়াই হাঁটাচলা করতে পারছেন।
এমএইচ
আরও পড়ুন










