পাওনা টাকা চাইতে গিয়ে ব্যবসায়ী খুন, ৩দিন পর মরদেহ উদ্ধার
প্রকাশিত : ১৫:০৪, ১১ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর লালবাগে পাওনা টাকা চাইতে গিয়ে শেখ ওয়াসিম রনি (৪৩) নামের এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে তার ব্যবসায়িক সহযোগী মাসুমের বিরুদ্ধে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে লালবাগের বিসি দাস স্ট্রিটের একটি বাড়ির নিচতলা থেকে বালিচাপা অবস্থায় রনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার হাত-পা বাঁধা এবং মুখে পলিথিন প্যাঁচানো ছিল। গত ৮ সেপ্টেম্বর নিখোঁজ হন তিনি।
পুলিশ জানিয়েছে, ব্যবসায়িক পাওনা তিন লাখ টাকা চাওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মাসুমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
নিহত রনির মেয়ে রামিসা আক্তার সোনাম জানান, তাদের বাসা যাত্রাবাড়ীর শেখদী এলাকায়। তার বাবা জমি কেনাবেচার ব্যবসা করতেন। চকবাজারের আসিক টাওয়ারের ইমিটেশন অলংকার ব্যবসায়ী মাসুমের সঙ্গে তার ব্যবসায়িক লেনদেন ছিল। মাসুমের কাছে রনি তিন লাখ টাকা পেতেন।
রামিসা বলেন, গত ৮ সেপ্টেম্বর দুপুরে বাসা থেকে বের হওয়ার সময় তার বাবা জানিয়েছিলেন, মাসুমের কাছ থেকে পাওনা টাকার চেক আনতে যাচ্ছেন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর যোগাযোগ হয়নি। ফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ওই দিন সন্ধ্যায় রনিকে খুঁজতে মায়ের সঙ্গে লালবাগে মাসুমের বাসায় যান রামিসা। সেখানে শুধু মাসুমের স্ত্রীকে পান তারা। পরে মুঠোফোনে মাসুমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রনিকে পাওনা টাকার চেক দিয়ে দিয়েছেন বলে জানান। এরপর রনি কোথায় গেছেন, তা তিনি জানেন না বলেও জানান।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামিল হোসেন জানান, রনি নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। তদন্তের একপর্যায়ে তার সঙ্গে ব্যবসায়িক লেনদেন থাকা মাসুমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে মাসুমের বাসার নিচতলার ফাঁকা জায়গায় বালি খুঁড়ে রনির মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, মাসুমের দেয়া তথ্য অনুযায়ী, বাসার ভেতরে রনির মাথায় ঘুষি মারা হলে তিনি মেঝেতে পড়ে যান। পরে তার হাত-পা বেঁধে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
এমএইচ
আরও পড়ুন










