ঢাকা, শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬

পালানোর পর তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৫, ২০ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, রক্তের স্বাদ, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না। তাই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে, আরও গভীর হয়েছে। তারা এ দেশে গণতন্ত্রকামী মানুষের রক্ত এখনো ঝরাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে নড়াইলের কালিয়া উপজেলায় নিহত জাসাস নেতা সোহেল রানা ও কৃষকদল নেতা শাহিনুর ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ছাত্র-জনতার প্রবল প্রতিরোধের মুখে সে পালিয়ে যাওয়ার পরেও পার্শ্ববর্তী দেশ থেকে তার অভ্যন্তরীণ অনুচরদের দিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তার নির্মম শিকার হয়েছেন কালিয়ার সোহেল রানা ও শাহিনুর ইসলাম।

রিজভী বলেন, অনেক চেষ্টা করার পরেও এ দেশের স্বাধীনতা যেমন কেউ কেড়ে নিতে পারবে না, সার্বভৌমত্ব যেমন কেউ কেড়ে নিতে পারবে না, ঠিক তেমনি এদের বিচার হবে। বিচারের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।

বেলা ১১টার দিকে বৈরী আবহাওয়ার মধ্যে কালিয়ায় পৌঁছান তিনি। এ সময় পৌর এলাকার চাঁদপুরে কবরস্থানে গিয়ে নিহত শাহিনুরের কবর জিয়ারত করেন, নিহতদের জন্য দোয়া করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় তার সঙ্গে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি