ঢাকা, সোমবার   ০৯ নভেম্বর ২০২৬

ফার্মগেটে বাসে আগুন: ধোঁয়ায় আচ্ছন্ন মেট্রোরেল স্টেশন, আতঙ্কে যাত্রীদের হুড়োহুড়ি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০০, ৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২৩:০৮, ৯ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জ্বলন্ত বাস থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত কালো ধোঁয়া স্টেশনের ভেতরে প্রবেশ করলে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে স্টেশন থেকে বেরিয়ে যান। আজ সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, মেট্রোরেল স্টেশনের ডিজেল জেনারেটরের ঠিক পাশেই বাসটিতে আগুন দেওয়া হয়। জেনারেটরের ধোঁয়া স্টেশনের ভেতরে ঢুকে পড়লে স্বয়ংক্রিয় ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এতে যাত্রীদের মধ্যে বড় ধরনের দুর্ঘটনার আতঙ্ক তৈরি হয়। নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ দ্রুত স্টেশন খালি করার উদ্যোগ নেয় এবং প্রায় আধা ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ রাখে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে সন্ধ্যা ৭টা ২ মিনিটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

ডিএমটিসিএলের একটি দায়িত্বশীল সূত্র জানায়, স্টেশনের ওই জেনারেটরে প্রায় এক হাজার লিটার ডিজেল মজুত ছিল। বাসের আগুন যদি কোনোভাবে জেনারেটর পর্যন্ত পৌঁছাত, তবে বড় ধরনের ভয়াবহ বিপর্যয় ঘটতে পারত। এই আশঙ্কায় তাৎক্ষণিকভাবে যাত্রীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা ইসলাম জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিক সতর্কতার কারণে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তেজগাঁও বিভাগের পুলিশ উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, আগুন লাগার পর বাসটির চালক বা কোনো যাত্রীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ঘটনার পেছনে কারা জড়িত তা নিশ্চিত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি