ঢাকা, রবিবার   ১৬ আগস্ট ২০২৬

বিনামূল্যে চালু হবে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ, বন্ধ হবে ভুয়া অ্যাকাউন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৯, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:০২, ১৬ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

সোশ্যাল মিডিয়ায় ভুয়া পরিচয়ে অ্যাকাউন্ট খুলে প্রতারণা কিংবা অন্যের পরিচয় ব্যবহার করার ঘটনা নতুন নয়। এর সঙ্গে সাম্প্রতিক সময়ে যোগ হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি ও প্রোফাইল। ফলে অনলাইনে কোন অ্যাকাউন্টটি সত্যিকারের মানুষের আর কোনটি ভুয়া, তা বোঝা অনেক সময় কঠিন হয়ে পড়ছে। এবার এই সমস্যা মোকাবিলায় নতুন উদ্যোগ নিচ্ছে মেটা। ফেসবুকে চালু হতে যাচ্ছে বিনামূল্যের ‘ফেসবুক ভেরিফায়েড’ব্যাজ।

এই নতুন ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীর পরিচয়ের সত্যতা যাচাই করার চেষ্টা করবে মেটা। ফলে অপরিচিত কারো সঙ্গে যোগাযোগ, ফেসবুক মার্কেটপ্লেসে কেনাকাটা কিংবা বিভিন্ন গ্রুপে লেনদেনের ক্ষেত্রে প্রোফাইলটি বাস্তব ব্যক্তির কি না, তা বোঝা তুলনামূলক সহজ হবে।

নতুন ভেরিফিকেশন প্রক্রিয়ায় ব্যবহারকারীকে একটি ছোট ভিডিও সেলফি দিতে হবে। মেটার প্রযুক্তি সেই ভিডিওতে থাকা মুখের সঙ্গে সংশ্লিষ্ট ফেসবুক প্রোফাইলের ছবি মিলিয়ে দেখবে। যাচাইয়ের পাশাপাশি অ্যাকাউন্টটি ফেসবুকের নির্ধারিত নিরাপত্তা ও কমিউনিটি নীতিমালা মেনে চলছে কি না, সেটিও বিবেচনা করা হবে।

সব তথ্য সঠিক থাকলে অ্যাকাউন্টে যুক্ত হবে ‘ফেসবুক ভেরিফায়েড’ব্যাজ। পুরো প্রক্রিয়াটি বিনামূল্যেই করার সুযোগ থাকবে এবং সাধারণত খুব বেশি সময় লাগার কথা নয়।

প্রাথমিক পর্যায়ে ব্যবহারকারীর প্রোফাইল, ফেসবুক মার্কেটপ্লসে, ডেটিং এবং বিভিন্ন গ্রুপস এই ভেরিফিকেশন ব্যাজ দেখা যেতে পারে। ভবিষ্যতে ফেসবুক ফিডে প্রকাশ করা পোস্টের পাশেও ব্যাজ দেখানোর পরিকল্পনা রয়েছে। এর ফলে বিশেষ করে অনলাইন কেনাবেচা কিংবা নতুন কারও সঙ্গে পরিচয়ের সময় প্রোফাইলের সত্যতা যাচাই করার ক্ষেত্রে ব্যবহারকারীরা বাড়তি একটি সূত্র পাবেন।

এই সুবিধা মূলত ব্যক্তিগত অ্যাকাউন্টের জন্য। প্রাথমিকভাবে ১৮ বছর বা তার বেশি বয়সী এবং ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলা ব্যবহারকারীরা এই ভেরিফিকেশনের আওতায় আসতে পারবেন। তবে ফেসবুক পেজ কিংবা প্রোফেশনাল মোড অ্যাকাউন্টের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না।

ফেসবুক ভেরিফায়েড এবং মেটা ভেরিফায়েডে এক বিষয় নয়। মেটা ভেরিফায়েড হলো অর্থের বিনিময়ে নেওয়া একটি সাবস্ক্রিপশন পরিষেবা। এর সঙ্গে অ্যাকাউন্ট সুরক্ষা, সহায়তা এবং অন্যান্য সুবিধা যুক্ত থাকে।

অন্যদিকে নতুন ফেসবুক ভেরিফায়েড ব্যাজ সম্পূর্ণ বিনামূল্যের। এর প্রধান লক্ষ্য হলো অ্যাকাউন্টের পেছনে একজন বাস্তব ব্যক্তি রয়েছেন কি না, সেটি যাচাই করা। তবে এই ব্যাজ পাওয়ার অর্থ এই নয় যে মেটা ওই ব্যক্তিকে বিশেষভাবে বিশ্বাসযোগ্য বা অনুমোদিত বলে ঘোষণা করছে।

ভুয়া অ্যাকাউন্ট কি পুরোপুরি বন্ধ হয়ে যাবে?
নতুন ব্যবস্থা ভুয়া অ্যাকাউন্ট ও পরিচয় জালিয়াতি কমাতে সাহায্য করতে পারে। তবে এর অর্থ এই নয় যে ফেসবুকে আর কোনো ভুয়া অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব হবে না। বরং ব্যবহারকারীর পরিচয় যাচাইয়ের সুযোগ বাড়িয়ে নকল প্রোফাইল শনাক্ত করা এবং প্রতারণার ঝুঁকি কমানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

বিশেষ করে এআই দিয়ে তৈরি ভুয়া ছবি বা পরিচয় ব্যবহার করে তৈরি প্রোফাইলের সংখ্যা বাড়তে থাকায় এই ধরনের যাচাই ব্যবস্থা ব্যবহারকারীদের জন্য বাড়তি নিরাপত্তা দিতে পারে। ধাপে ধাপে বিভিন্ন দেশে এই সুবিধা চালু হলে ফেসবুকে আসল ও নকল প্রোফাইলের পার্থক্য বোঝা আগের তুলনায় সহজ হতে পারে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি