রাজউক উত্তরা মডেল কলেজের অভাবনীয় সাফল্য, পাসের হার ৯৯.৩৯
প্রকাশিত : ১৪:১৭, ৩১ অক্টোবর ২০২৬
আজ প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে অভাবনীয় সাফল্য অর্জন করেছে রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান রাজউক উত্তরা মডেল কলেজ। প্রতিষ্ঠানটির সার্বিক পাসের হার ৯৯.৩৯ শতাংশ।
আজ শনিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানের মাধ্যমে এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
ফলাফল ঘোষণার পর রাজউক উত্তরা মডেল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে কলেজের এই সাফল্যের তথ্য নিশ্চিত করেন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর কলেজটি থেকে মোট ১৬৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৬২৬ জন কৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠানটির সার্বিক পাসের হার ৯৯.৩৯ শতাংশ।
এ ছাড়া পরীক্ষায় রাজউক উত্তরা মডেল কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে সর্বমোট ৮২৯ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ৫০.৬৭ শতাংশ।
বিভাগভিত্তিক ফলাফলের পরিসংখ্যানে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে সর্বোচ্চ ১১৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১১২৪ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৬৯৮ জন। এ বিভাগে পাসের হার ৯৯.৪৭ শতাংশ এবং জিপিএ-৫ এর হার ৬১.৭৭ শতাংশ।
অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৮১ জন। এই বিভাগে পাসের হার ৯৯.২২ শতাংশ এবং ১০৪ জন জিপিএ-৫ পেয়েছে (যা শতকরা ২৭.০৮ ভাগ)।
এ ছাড়া মানবিক বিভাগ থেকে ১২২ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১২১ জন। মানবিক বিভাগে পাসের হার ৯৯.১৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৭ জন (যা শতকরা ২২.১৩ ভাগ)।
এএইচ
আরও পড়ুন










