ঢাকা, মঙ্গলবার   ১৪ জুলাই ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তরায় মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪০, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ১৬:৩৪, ১৪ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

পরীক্ষা বন্ধ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে রাজধানীর অন্যতম ব্যস্ত এই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষ।

মঙ্গলবার দুপুর থেকে উত্তরার আজমপুর থেকে বিএনএস সেন্টার পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন তারা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর থেকেই বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে মহাসড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। 

ফলে বিমানবন্দর, আব্দুল্লাহপুর, টঙ্গী ও গাজীপুরমুখী সড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। অনেক যাত্রীকে গন্তব্যে পৌঁছাতে হেঁটে যেতে দেখা যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, তাদের বিভিন্ন দাবি পূরণ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানালেও শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত ছিল।

মহাসড়ক অবরোধের কারণে রাজধানীর উত্তরাঞ্চলের পাশাপাশি গাজীপুর ও আশপাশের এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করতে বিকল্প ব্যবস্থা গ্রহণ এবং যান চলাচল সচল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি