ঢাকা, রবিবার   ৩১ মে ২০২৬

সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আদ্-দ্বীন কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪১, ৩১ মে ২০২৬ | আপডেট: ১৬:৪৭, ৩১ মে ২০২৬

Ekushey Television Ltd.

সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। 

রোববার (৩১ মে) সকালে আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (এইচআর অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতক শিশুর দুর্ঘটনাজনিত মৃত্যু ঘটে। ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিপ্তর, পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন কর্তৃপক্ষ হাসপাতাল পরিদর্শন করে। একই সঙ্গে সরকার একটি তদন্ত কমিটি গঠন করে। বিভিন্ন কর্তৃপক্ষের হাসপাতালে ধারাবাহিক আসা-যাওয়ার পাশাপাশি বিপুল সংখ্যক সাংবাদিকের উপস্থিতির কারণে হাসপাতালে কর্মরত সেবাদানকারী কর্মীরা কয়েকদিন ধরে মানসিক চাপের মধ্যে ছিলেন। এতে হাসপাতালে ভর্তি রোগী এবং বিভিন্ন সেবা নিতে আসা ব্যক্তিরাও উল্লেখযোগ্য অসুবিধার সম্মুখীন হন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অবস্থায় ৩০ মে স্বাস্থ্য উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন। তাদের হাসপাতাল ত্যাগের পর বিপুল সংখ্যক সাংবাদিক হাসপাতালে প্রবেশের চেষ্টা করেন। চিকিৎসাধীন রোগীদের স্বার্থ বিবেচনায় হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের হাসপাতালে প্রবেশ থেকে নিবৃত্ত করার চেষ্টা করে।

এক পর্যায়ে হাসপাতালের কর্মীদের সঙ্গে সাংবাদিকদের কথোপকথনের সময় একজন সাংবাদিক হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীদের ‘ঝাড়ুদার’ বলে সম্বোধন করলে তারা নিজেদের অপমানিত বোধ করেন এবং উত্তেজিত হয়ে পড়েন। পরে তারা সাংবাদিকদের হাসপাতাল ত্যাগ করার অনুরোধ জানান। এ সময় উপস্থিত হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তারা সব সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করে। এরপরও গতকাল ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য হাসপাতাল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ প্রত্যাশা করছে, অনিচ্ছাকৃত আচরণের কারণে গণমাধ্যমকর্মীরা যদি মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে তারা বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি