ঢাকা, বুধবার   ১৪ অক্টোবর ২০২৬

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, দাফন হবে জুরাইনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১১, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:৪২, ১৪ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মরহুমের সহযোদ্ধারা অংশ নেন।

দলীয় সূচি অনুযায়ী, সংসদ ভবনে প্রথম জানাজা শেষে দুপুর দেড়টায় সালাহউদ্দিন আহমেদের মরদেহ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেওয়া হবে। সেখানে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের পর তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

বিকেল তিনটায় শ্যামপুর-কদমতলী এলাকার ঐতিহাসিক লাল মসজিদ প্রাঙ্গণে মরহুমের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। এর আগে, মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৫৪ সালের ১ মে জন্মগ্রহণ করা সালাহউদ্দিন আহমেদ ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ডাক ও টেলিযোগাযোগ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি তিনি ব্যবসায়িক ও প্রকাশনা শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন এবং বেশ কিছু শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি