ঢাকা, বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬

সোহরাওয়ার্দী হাসপাতালে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:১৮, ২২ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে আলম শেখ নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি মানসিক ভারসাম্যাহীন বলে দাবি করেছে পরিবার। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি বলেন, নিহত আলম শেখের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। পরিবার বলেছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনার যে মূলহোতা তাকে আমরা আটক করেছি। নিহতের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে, তারা এলে মামলা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে আলম শেখ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের স্বজনরা তাকে শিশু চোর বলে সন্দেহ করেন।

শিশুদের স্বজনরা আলম শেখের কাছে হাসপাতালে আসার কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি বলে জানা গেছে। তখন একদল মানুষ সন্দেহভাজন আলম শেখকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে বেধড়ক মারধর করতে থাকেন, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

মিজান বলেন, ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। পরে আঙুলের ছাপ মিলিয়ে আলম শেখের পরিচয় নিশ্চিত হয় পুলিশ। নিহত আলম শেখ রাজধানীর রূপনগরের এলাকার বাসিন্দা।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি