২৭তম বিসিএস বঞ্চিতরা নিয়োগের ৬ মাসেও পাননি বেতন
প্রকাশিত : ১৮:০৮, ১৩ জুন ২০২৬ | আপডেট: ১৮:৩৭, ১৩ জুন ২০২৬
২০০৭ সালে বাতিল হওয়া ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ১,১৩৭ জন চাকরিপ্রত্যাশীকে নিয়োগ দেওয়ার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দীর্ঘ প্রায় দুই দশকের আইনি লড়াই ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আদালতের রায়ে অনেকে নিয়োগ পেলেও এখন পর্যন্ত বেতন পাননি।
আদালতের নির্দেশনা অনুসরণ করে জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৫ সালের ১৮ ডিসেম্বর প্রথম ধাপে ৬৭৩ জন বঞ্চিত প্রার্থীকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করে। পরবর্তীতে ২০২৬ সালের মে মাসে আরও ৯৬ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
সরকার তাদের জ্যেষ্ঠতা সংরক্ষণের বিষয়টিও বিবেচনায় নিয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের জ্যেষ্ঠতা মূল ব্যাচের নিয়োগকাল থেকেই কার্যকর হিসেবে গণ্য করা হয়েছে, যাতে তারা প্রশাসনিকভাবে ক্ষতিগ্রস্ত না হন।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে অনেকের যোগদানের প্রায় ছয় মাস অতিক্রান্ত হয়েছে। তবে এখনও কোনো বেতনভাতা পাননি তারা। জানা গেছে, এ বিষয়ে প্রয়োজনীয় স্পষ্টীকরণ চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রায় চার মাস আগে অর্থ মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠায়। পরবর্তীতে ২০২৬ সালের এপ্রিল মাসে অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখা থেকে নথিটি বাস্তবায়ন শাখায় প্রেরণ করা হয়। কিন্তু এরপর থেকে অদৃশ্য কারণে বিষয়টির কার্যক্রম স্থবির হয়ে আছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ।
দীর্ঘ ১৭ বছর অপেক্ষার পর আদালতের রায়ে চাকরি পেলেও বেতন না পাওয়ার কারণে অনেক কর্মকর্তা আর্থিক ও পারিবারিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। রাষ্ট্রের দায়িত্ব পালনের জন্য যোগদান করার পরও মাসের পর মাস বেতনবিহীন থাকা তাদের মধ্যে হতাশা ও কষ্টকর পরিস্থিতির সৃষ্টি করেছে।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা আশা করছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ দ্রুত বিষয়টির নিষ্পত্তি করে তাদের ন্যায্য বেতন-ভাতা প্রদানের ব্যবস্থা গ্রহণ করবে।
এএইচ
আরও পড়ুন










