মৈতালিকে কার্যকর ও মানবিক প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয়
প্রকাশিত : ১৩:৫৪, ৮ অক্টোবর ২০২৬
মৈতালি ফাউন্ডেশনের নির্বাহী কমিটির প্রথম আনুষ্ঠানিক মিলন ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে মৈতালিকে একটি কার্যকর ও মানবিক সামাজিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বুধবার সন্ধ্যা ৭টায় সনি স্কয়ারের স্কাই লাউঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে নির্বাহী কমিটির নয়জন সদস্যই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি ছিল পারস্পরিক পরিচয় ও সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি মৈতালি ফাউন্ডেশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, নেতৃত্বের সমন্বয় এবং সম্মিলিত দায়িত্ববোধকে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ আয়োজন।
অনুষ্ঠানের শুরুতে মৈতালি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু মোহাম্মদ শোয়েব তাঁর সূচনা বক্তব্যে ফাউন্ডেশন প্রতিষ্ঠার পেছনের ভাবনা, আদর্শ, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি নির্বাহী কমিটির সদস্যদের নিজ নিজ অবস্থান থেকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি বলেন, “এখন সময় নেতৃত্বকে কর্মে রূপ দেওয়ার। মৈতালির প্রতিটি সদস্যের অভিজ্ঞতা, মেধা, সময় ও নেতৃত্বের শক্তিকে একত্রিত করে আমরা একটি শক্তিশালী, সুসংগঠিত ও মূল্যবোধভিত্তিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, মৈতালির অগ্রযাত্রায় ব্যক্তিগত সক্ষমতার পাশাপাশি প্রয়োজন ঐক্যবদ্ধ চিন্তা, সমন্বিত সিদ্ধান্ত এবং সম্মিলিত কর্মপ্রচেষ্টা। পারস্পরিক আস্থা, শ্রদ্ধা, স্বচ্ছতা ও সহযোগিতার ভিত্তিতে মৈতালিকে একটি কার্যকর ও মানবিক সামাজিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে নির্বাহী কমিটির সদস্যদের বক্তব্য ও মতবিনিময়ে মৈতালি ফাউন্ডেশনের আগামী দিনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার বিষয়ে ঐকমত্য প্রকাশ পায়। প্রত্যেক সদস্য তাঁদের নিজ নিজ অভিজ্ঞতা, দক্ষতা ও সময়কে মৈতালির অগ্রযাত্রায় কাজে লাগানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৈতালি ফাউন্ডেশনের সহ-সভাপতি সুশান্ত কুমার সাহা, সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ হোসেন খান, ট্রেজারার মোঃ সরওয়ার হোসেন এবং নির্বাহী সদস্য আব্দুল আওয়াল বিপ্লব, রশীদ মোহাম্মদ হারুন, খাইরুল আলম লিমন, অধ্যাপিকা রেণু আহমেদ ও মোহাম্মদ নাদিম।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠাতা সভাপতি আবু মোহাম্মদ শোয়েব সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান এবং মৈতালির ভবিষ্যৎ কার্যক্রমে তাঁদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। পরে নির্বাহী কমিটির সকল সদস্যের অংশগ্রহণে ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মৈতালি ফাউন্ডেশনের জন্য এ আয়োজন নতুন নেতৃত্ব, দায়িত্ববোধ ও সম্মিলিত কর্মপ্রত্যয়ের একটি তাৎপর্যপূর্ণ সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।
“একসঙ্গে ভাবব, একসঙ্গে সিদ্ধান্ত নেব এবং একসঙ্গে কাজ করব”—এই প্রত্যয়কে সামনে রেখে মৈতালি এগিয়ে যেতে চায় একটি সুদৃঢ়, মানবিক ও মূল্যবোধভিত্তিক ভবিষ্যতের দিকে।
এএইচ
আরও পড়ুন










